২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার শুরু হচ্ছে সংসদ অধিবেশন, যোগ দিচ্ছে না আ.লীগ

ক্ষমতাসীন বিএনপি ও জাতীয় সংসদের স্পিকারের আহ্বানে ইতিবাচক সাড়া দেয়নি প্রধান বিরোধী দল আওয়ামী লীগ। সংসদের আগামী অধিবেশনে যোগ দিচ্ছেন না আওয়ামী লীগ দলীয় সাংসদরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ সংসদের আসন্ন অধিবেশনে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়ে শুক্রবার বিডিনিউজকে বলেছেন, সরকার আমাদের সংসদে যোগ দেওয়ার পরিবেশ সৃষ্টি না করায় সংসদে যাচ্ছি না।

২০ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে সংসদের উনিশতম অধিবেশন।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার গত বুধবার বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদকে টেলিফোন করে বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। তিনি বিরোধী দলীয় উপনেতাকে নিশ্চয়তা দিয়ে বলেছিলেন বিরোধী দলের সাংসদদের কথা বলার পর্যাপ্ত সময় দেওয়া হবে।

আব্দুল হামিদ বলেন, সংসদের আগামী অধিবেশনে যোগ দেওয়ার কোন সম্ভাবনা আপাতত নেই। আগামী ২২ নভেম্বর ১৪ দলের মহাসমাবেশের পর আওয়ামী লীগ সংসদীয় দলের সভা (এএলপিপি) হতে পারে। ওই সভায় এ ব্যাপারে করণীয় নির্ধারণ হবে।

এদিকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ তার দলের সাংসদরা এখন পদ হারানোর ঝুঁকির মধ্যে রয়েছেন। সংসদ আর ১৮ কার্যদিবস চললেই শেখ হাসিনা তার সদস্যপদ হারাবেন। তিনি টানা ৭২ কার্যদিবস সংসদে অনুপস্থিত রয়েছেন।

সংবিধান অনুযায়ী টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সাংসদের সদস্যপদ বাতিল হয়ে যায়।

চলতি অষ্টম সংসদের ১৮ টি অধিবেশনে মোট ২৯৭ কার্যদিবসের মধ্যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ উপস্থিত ছিল মাত্র ৮৭ কার্যদিবস।

সরকার দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ যোগ না দিলে সংসদের আগামী অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

সূত্র আরও জানায়, সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন, দ্রব্যমূল্য, দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি, ঝালকাঠিতে দু’জন বিচারক খুন, সাংবাদিক হত্যা, উত্তরবঙ্গে মঙ্গাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবারের অধিবেশনে আলোচনা হতে পারে।