২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের অদূরদৃষ্টি ও কার্যকরি ভূমিকার অভাবে সার্ক শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে : আওয়ামী লীগ

সরকারের অদূরদৃষ্টি এবং যথাযথ উদ্যোগ ও কার্যকরি ভূমিকার অভাবে এবারের সার্ক শীর্ষ সম্মেলন শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

দক্ষিণ এশিয়ার দেড়’শ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে এ সম্মেলনে কোন বস্তুনিষ্ঠ পরিকল্পনা গৃহিত হয়নি উল্লেখ করে আওয়ামী লীগ শুক্রবার এ মন্তব্য করেছে।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ আরও বলেন, এই অঞ্চলের মানুষ যখন বিভিন্ন বিপর্যয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে, তখন বাস্তবচিত্র লুকিয়ে রেখে শীর্ষ সম্মেলনে একটি কৃত্রিম উৎসব উৎসব ভাব ফুটিয়ে তুলে সরকার জনগণের বিপুল অর্থ বিনষ্ট করেছে।

বিরোধী দলীয় নেত্রীর ধানমন্ডীর ৩/৪ কার্যলয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ কথা জানান। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক রাষ্ট্রদূত ফারুক চৌধূরী।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সার্ক পদক প্রদান এবং সার্ক নেতাদের জিয়ার মাজার সফর কর্মসূচী বিষয়ে বক্তারা বলেন, শীর্ষ সম্মেলনের মাধ্যমে সরকার শুধুমাত্র এই দুটো ক্ষেত্রে সফলতা লাভ করছে।

এ অঞ্চলের জনগণ যখন সুনামি, ভূমিকম্প এবং মঙ্গার মতো দূর্যোগের কবলে পড়ে নিদারুণ দুর্ভোগ পোহাচ্ছে, তখন মহোৎসবের মাধ্যমে সার্ক সম্মেলন অনুষ্ঠান আয়োজন করে সরকার নিচু মনের পরিচয় দিয়েছে।

সার্ক শীর্ষ সম্মেলনের সময় নিরাপত্তার নাম দিয়ে রাজধানীতে প্রায় কারফিউর মতো পরিস্থিতি তৈরি করায় নেতৃবৃন্দ নিন্দা জ্ঞাপন করেন।

১৯৭২ সালের ৬ ফেব্রয়ারি ইন্দিরা গান্ধির দেওয়া এক নৈশ ভোজে বঙ্গবন্ধুর দেওয়া বক্তব্য উদ্ধৃত করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দাবি করেন, আঞ্চলিক সংগঠন গড়ার স্বপ্নের কথা বঙ্গবন্ধুই প্রথম উল্লেখ করেছিলেন।

তারা বলেন, সরকার যদি নিকট অতীতের দিকেও তাকায়, তবে তো ১৯৮৫ সালে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করে সার্কের বাস্তবসম্মত কাঠামো প্রদানে জেনারেল এরশাদের এ পদক প্রাপ্য ছিল।

সাফটা বাস্তবায়নের প্রশ্নে নের্তৃবৃন্দ জানান, সরকার দেশের স্বার্থ সংরক্ষণে দায়িত্বহীন।

সাফটা বাস্তবায়নের জন্যে আর মাত্র ছয় সপ্তাহ সময় রয়েছে। কিন্তু বাংলাদেশ সাফটা বাস্তবায়নের জন্য এখন প্রস্তুত নয়।