২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে মঙ্গার অস্তিত্ব অস্বীকার করলেন খাদ্য মন্ত্রী

আবারো উত্তরাঞ্চলে মঙ্গার অস্তিত্ব অস্বীকার করলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তিনি এটিকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যে মিডিয়া ও বিরোধী দলের কাল্পনিক সৃষ্টি বলে উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

পিআইডির সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে কোনও মঙ্গা নেই, এ পর্যন্ত না খেয়ে কেউ মারা যায়নি। এ সকল প্রচারণা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উত্তরাঞ্চলের পাঁচ জেলার প্রায় ৪০ লাখ লোক মঙ্গা কবলিত হওয়া সত্ত্বেও সরকার এ ব্যাপারে নিশ্চুপ এবং ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মঙ্গা সম্পর্কে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি রাজনৈতিক কারণ দেখান।

তিনি বলেন, এগুলো সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং প্রচারণা ছাড়া কিছুই না। আমরা মঙ্গা নিয়ে পরিবেশিত গণমাধ্যমের অনেক সংবাদ সম্পর্কে তদন্ত করে দেখেছি। এগুলোর কোনোটির বিশ্বাসযোগ্যতা খুঁজে পাইনি।

খাদ্য মন্ত্রী স্বীকার করেন, উত্তরাঞ্চলে চলতি মৌসুমে কর্মসংস্থানের অভাব রয়েছে এবং এ কারণে দারিদ্র্য পরিস্থিতির অবনতি হয়েছে। তবে মিডিয়ায় উপস্থাপিত মঙ্গার অস্থিত্ব তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।

দেশের উত্তরাঞ্চলের দারিদ্র্যকে প্রতি বছরের সমস্যা বলে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবেলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই ১৫ লাখ ৮০ হাজার ভিজিএফ ও ভিজিডি কার্ডের মাধ্যমে ৩৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছি। পাঁচ জেলার মোট ১৯ লাখ পাঁচ হাজার পরিবারের মধ্যে এ খাদ্যশস্য বিতরণ করা হয় বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির আওতায় সরকার সারে ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে।

উত্তরাঞ্চলের জনগণকে দারিদ্র্যমুক্ত করতে মন্ত্রী ভূমি সংস্কার এবং শিল্প কারখানা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুও উপস্থিত ছিলেন। দরিদ্রদের মাঝে ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণে দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে বলেন, তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যে একটি স্বার্থান্বেষী মহল এ কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, সেনা বাহিনীর সদস্যরা এ কার্ড বিতরণ করেছে, আমরা এর সাথে জড়িত ছিলাম না। সুতরাং আমাদের দুর্নীতি করার প্রশ্নই আসে না।

তবে কোথাও কোথাও তালিকা তৈরিতে ভুলত্রুটি হয়েছে এবং যাচাই বাছাই করে দেখার পর সেনা সদস্যরা সেগুলো পুনরায় পর্যালোচনা করবেন বলে তিনি জানান।

রংপুরের গঙ্গাছড়ায় জোরপূর্বক আওয়ামী লীগের লঙ্গরখানা বন্ধ করে দেয়ার অভিযোগে আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যেই এটি খুলেছিল এবং রাজনৈতিক ফায়দা লোটার জন্যে তারা নিজেরাই এটি বন্ধ করে দিয়েছে।