২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন: ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সফরকারী ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেছেন, দেশে সুশাসন ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেন জনগণ তাদের পছন্দের সরকার গঠন করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 07:43 PM

Updated : 06 Jul 2022, 09:36 PM

বুধবার সন্ধ্যায় ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কিম হাওয়েলস তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন।

ধানমণ্ডির সুধাসদনে প্রায় এক ঘন্টার এ বৈঠকে পরবর্তী নির্বাচন, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ড. কিম অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ প্রধানের সঙ্গে আলোচনায় তার মনে হয়েছে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, উন্নয়নসহযোগীরা তাকিয়ে আছে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের দিকে। আমরা চাই, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ আরও শক্তিশালী হোক।

তিনি আরো বলেন, আমি আশা করবো, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠনের জন্যে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। যেন সকল প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারে, মানুষ যেন অবাধে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

এ দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমি চাই, আর কোনও সন্ত্রাস, প্রতিহিংসা ও বোমাবাজি যেন না হয়।

বৈঠক শেষে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগের পক্ষে ড. কিমকে জানানো হয়েছে, দেশের মানুষকেই সে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে তারা কেমন বাংলাদেশ চায়। আর এজন্যে নির্বাচনে জনগণ যেন সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্যেই বিরোধী দল সংস্কার প্রস্তাব দিয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ কোনও দলকে বিশেষ কোনও সুবিধা দিতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়নি। সময়ের চাহিদা অনুযায়ী রাজনৈতিক বাস্তবতার আলোকে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এ প্রস্তাবনা বাস্তবায়ন জরুরি।

তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেছেন, দেশে কার্যত শাসনহীন অবস্থা বিরাজ করছে। এখানে আইনের শাসন বলতে গেলে অনুপস্থিত। সরকারের ভেতরের অপশক্তিই সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়র চৌধুরী এবং সাউথ এশিয়া গ্রুপের প্রধান অ্যান্থনী স্টুক্স বৈঠকে অংশ নেন।