বৃহস্পতিবার মজলুল জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাষানীর ২৯ তম মৃত্যুবার্ষিকী
আগামী বৃহস্পতিবার মজলুল জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাষানীর ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
এ উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
মওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ক্ষমতাসীন বিএনপি এবং মওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি যৌথভাবে দুইদিন ব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপির নেতারা সকাল ৮টায় টাঙ্গাইলের সন্তোষের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সেখানে গিয়ে তারা ভাষানীর মাজার জিয়ারত করবেন। সকাল ১১টায় মাজার প্রাঙ্গনে অনুষ্ঠেয় আলোচনা সভায় তারা অংশ নেবেন।
শুক্রবার বিকেল ৩টায় ওয়াপদা মিলনায়তনে গরীবদের জন্যে মওলানা ভাষানীর রাজনৈতিক সংগ্রাম বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া। মওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
