২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক হত্যার প্রতিবাদে ১৪ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝালকাঠিতে বোমা মেরে দু’জন বিচারক হত্যার প্রতিবাদে আওয়ামী লীগসহ ১৪ দল মঙ্গলবার নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে মুক্তাঙ্গনে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, জোট সরকারের প্রত্যক্ষ মদদে মৌলবাদি জঙ্গি সন্ত্রাসীরা বোমা মেরে মানুষ হত্যা করছে। তাই এ সকল ঘটনার তদন্ত হচ্ছে না। সন্ত্রাসী বোমাবাজদের বিচার হচ্ছে না।

তিনি বলেন, আদালতের বিচারকও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। তাই ওদের কবল থেকে দেশ ও জাতিকে বাঁচাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থান ঘটিয়ে জোট সরকারের পতন ঘটাতে হবে। আগামী ২২ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফয়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, গণফোরাম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের আব্দুল জাব্বার এবং আব্দুল মান্নান, মোস্তফা মহসীন মন্টু, শিরিন আখতার, হাজী মোহাম্মদ সেলিমসহ আওয়ামী লীগ ১১ দল, জাসদ ও ন্যাপ’র কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল গুলিস্তান, সিটি করপোরেশন, ফুলবাড়িয়া এলাকা ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।