মীর মোশাররফ হোসেনের নামে সেতুর নামকরণের দাবিতে আয়োজিত কর্মসূচিতে হামলা, ২০ নভেম্বর হরতাল আহ্বান
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই সেতুর নাম কালজয়ী কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের নামে নামকরণের দাবিতে রোববার আহুত মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ ও বিডিআরের সদস্য এবং বিএনপি ক্যাডাররা।
মীর মশাররফ হোসেন সেতু নামকরণ বাস্তবায়ন পরিষদ তাদের তিনদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন আহ্বান করেছিল।
১৯৯৬ সালে সেতুর নির্মাণকাজ শুরুর সময় নাম ছিল ‘গড়াই সেতু’। কিন্তু এবছর যোগাযোগ মন্ত্রনালয় সেতুর নাম পরিবর্তন করে স্থানীয় বিএনপি দলীয় সাংসদের পিতা এবং বিএনপির কুষ্টিয়া জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মাছ উদ রুমীর নামে নামকরণ করে।
স্থানীয় জনগণ রোববার সকালে মানববন্ধন পালনের উদ্দেশ্যে কুমারখালী বাসস্ট্যান্ডে সমবেত হলে তাদের ওপর কয়েক দফা হামলা চালানো হয়। এরপর বাস্তবায়ন পরিষদ কুমারখালী রেলস্টেশনের পাশে গড়াই শপিং কমপ্লেক্সে এক সমাবেশ করে। সমাবেশে ঘোষণা দেওয়া হয়, ১৬ নভেম্বর সেতু এলাকায় মানববন্ধন এবং ২০ নভেম্বর হরতাল পালন করা হবে।
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়া জেলার কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত সেতু মীর মশাররফের নামে নামকরণ করতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।
