২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যায় জিয়া ও খালেদার হাত থাকতে পারে বলে খুনিদের প্রশ্রয় দেওয়া হচ্ছে: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিএনপি জামাত জোট সরকার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের রক্ষা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমানের হাত থাকতে পারে বলেই খুনিদের প্রশ্রয় দেওয়া ও পুরস্কৃত করা হয়েছে।

তার ধানমণ্ডির কার্যালয়ে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান সামরিক কর্মকর্তাসহ প্রচুর মানুষ হত্যা করেছেন।

জিয়াউর রহমানকে সার্ক পদক দেওয়ার তীব্র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মহামান্য হাইকোর্ট যে ব্যক্তিকে সংবিধান লঙ্ঘনকারী ও অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে চিহ্নিত করেছেন, তাকে কী করে এ পদক দেওয়া হয়?

এ পদক প্রত্যাহারের দাবি জানাবেন কি-না, এ প্রশ্ন করা হলে বিরোধী দলীয় নেতা বলেন, আমি সার্কের কে? এ ব্যাপারে সার্ক নেতাদেরই জিজ্ঞেস করুন।

বাংলাদেশে উলফা’র মতো কোনও সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় আছে কি-না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশের মাটিতে কোনও দেশের কোনও সন্ত্রাসীকে প্রশ্রয় দিইনি। বর্তমানে কেউ সক্রিয় আছে কি-না, এটি সরকারই ভালো বলতে পারবে।

ভারত-বাংলাদেশ সম্পর্কোন্নয়নের ব্যাপারে অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ প্রধান বলেন, আওয়ামী লীগ সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায়। বর্তমান সরকারের বিষয়টি তাদেরই জিজ্ঞেস করুন।