চালু হচ্ছে লাহোর-দিল্লি বেলুন ফ্লাইট
ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে লাহোর-দিল্লি এবং মোজাফ্ফরাবাদ-শ্রীনগর বাস সার্ভিসের পর এবার লাহোর ও নয়াদিল্লির মধ্যে একটি বেলুন ফ্লাইট চালু হতে যাচ্ছে। রোববার পাকিস্তানের সংবাদ পত্রে এ খবর বেরিয়েছে।
পাকিস্তানের প্রখ্যাত বেলুনবিদ ব্রিগেডিয়ার এমএম করিম জানান, চারশ ৫০ কিমি পথ অতিক্রম করতে এ ফ্লাইটের ১২ ঘণ্টা সময় লাগবে। নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে এ ফ্লাইট চলাচল শুরু হবে।
তিন হাজার থেকে চার হাজার ঘনফুটের বেলুনটি সুসজ্জিত করে তোলা হয়েছে। এটি সাতশ কেজির ২৪ টি তরল গ্যাস ভর্তি সিলিন্ডার বহন করতে পারবে।
ভারতের বেলুন ক্লাব এবং পাকিস্তানের অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন যৌথভাবে এ ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। বায়ু প্রবাহ অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই এ ফ্লাইট চালু হবে।
ফ্লাইটের কো পাইলট ব্রিগেডিয়ার করিম আরও জানান, ভারতের বেলুন ক্লাবের সেক্রেটারি বিশ্ববন্ধু গুপ্ত এ ফ্লাইট উদ্বোধনের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন।
