২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান ১৮ হাজার ব্যালটি হজ্বযাত্রী পরিবহন করবে, ভাড়া ৯৫০ ডলার

বিমান এ বছর সরকারি ব্যবস্থাপনায় মাত্র ১৮ হাজার ব্যালটি হজ্বযাত্রী পরিবহন করবে। এজন্যে জনপ্রতি ৯৫০ ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিমানের বহরে পর্যাপ্ত জাহাজের ঘাটতি এবং দরপত্র দিয়েও জাহাজ না পাওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকায় বিমান প্রতিমন্ত্রী মীর নাছিরউদ্দিনের বাসভবনে রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিমন্ত্রী মীর নাছিরের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান, ধর্ম সচিব রফিকুল ইসলাম, বিমান সচিব একেএম জাফরুল্লাহ খান, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বিমান ব্যালটি হজ্বযাত্রীদের পরিবহনের পাশাপাশি নন-ব্যালটি হজ্বযাত্রীদের পরিবহনের ব্যবস্থাও করবে। এজন্যে বিভিন্ন এয়ারলাইন্স-এর বিমান সংগ্রহ ও সহনীয় ভাড়ায় তাদের পরিবহনেরও ব্যবস্থা করবে।