২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনে যোগ দেয়নি আওয়ামী লীগ

ত্রয়োদশ সার্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদে বিরোধী দলীয় নেতা ও তার দলের সাংসদরা যোগ দেননি। ঢাকায় শনিবার দু’দিনের এ সম্মেলন শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক সভায় বলেন, মানুষ যখন ক্ষুধার জ্বালায় মরছে, সরকার তখন বড় অঙ্কের টাকা নষ্ট করে রাজধানীতে নিরাপত্তার নামে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে এ সম্মেলন করছে।

সম্মেলন শুরুর আগে থেকেই শেখ হাসিনা ত্রাণ বিতরণের জন্যে উত্তরবঙ্গের মঙ্গাকবলিত এলাকা সফর করছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা ফিরে আসেন।

দলীয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী রোববার ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। এছাড়া শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী একই দিন সকালে তার বাসভবন সুধাসদনে সাক্ষাৎ করবেন।

আওয়ামী লীগ সম্মেলনে যোগ না দিলেও তাদের জোট ১৪ দলের নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং চারদলীয় জোটের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।