২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ না খেয়ে মরছে আর কোটি কোটি টাকা অপচয় করে বাহাদুরি করছে সরকার: সার্ক সম্মেলন প্রত্যাখ্যান করে আ.লীগ

আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্ক শীর্ষ সম্মেলন প্রত্যাখ্যান করে বলেছেন, যখন উত্তরবঙ্গে মানুষ না খেয়ে মরছে, সরকারি কোনও ত্রাণ নেই, তখন জনবিচ্ছিন্ন জোট সরকার গোটা দেশকে অন্ধকারে রেখে সার্ক সম্মেলনের নামে কোটি কোটি টাকা অপচয় করে আলোকসজ্জার বাহাদুরি করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

জেল হত্যা দিবস স্মরণে শনিবার ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন।

পল্টনে ২২ নভেম্বরের মহাসমাবেশ সফল করে জোট সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি বলেন, দেশকে নেতৃত্বশূন্য করতেই জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। একাত্তরের গণহত্যা, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, গত বছরের ২১ আগস্টের হত্যাযজ্ঞ এবং ৩ নভেম্বরের জাতীয় চার নেতা হত্যা একই সূত্রে গাঁথা। একাত্তরের পরাজিত ওই অপশক্তি এখন দেশকে নব্য পাকিস্তান বানাতে চায়। তাই ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন এগিয়ে নিতে হবে।

প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী সার্ক সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, এদেশের যে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, পাকিস্তানের নেতারা কষ্ট পাবে বলে এ অনুষ্ঠানে তা কেউই স্মরণ করেনি। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সামনে রেখে হানাদাররা নতুনভাবে বাংলাকে আবারও দখল করতে চায়।

আব্দুর রাজ্জাক এমপি বলেন, বিএনপি জামাত জোট সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, উত্তরবঙ্গে দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। খাবারের জন্যে চলছে হাহাকার। সেখানে সরকার ক্ষুধার্ত মানুষদের কোনও ত্রাণ সহযোগিতা না করে অতিমাত্রায় সাজসজ্জা করে অর্থের অপচয় করছে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম এমপি এবং আসাদুজ্জামান নূর এমপি আলোচনায় অংশ নেন।