২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি জনতা শান্তি চুক্তি বাস্তবায়নে সংগ্রাম চালাবেই: সন্তু লারমা

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়নে পাহাড়ি জনতা জন সংহতির প্রতিষ্ঠাতা এমএন লারমার আদর্শে সংগ্রাম চালাবেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, স্বাধীনতার পর থেকে এখনো পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন চলছে। শান্তি চুক্তির পর এ পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

জুম্ম (পাহাড়ি) জাতীয়তাবাদের অগ্রদূত, পাহাড়ের অবিসংবাদিত নেতা এমএন লারমার ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আদিবাসী ফোরাম ও আদিবাসী অধিকার আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এ স্মরণ সভার আয়োজন করা হয়। ১৯৮৩ সালের ১০ নভেম্বর এমএন লারমা সশস্ত্র উপদলীয় কোন্দলে নিহত হন।

সন্তু লারমা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুম্ম জাতি অনেক সেনা নির্যাতন, সেনা নিপীড়ন সহ্য করেছে। কিন্তু আর তারা মুখ বুজে থাকবে না। এখন সময় এসেছে সব ধরণের অত্যাচারের জবাব দেওয়ার।

তিনি বলেন, শান্তি চুক্তিকে বানচাল করার জন্য চুক্তি বিরোধী ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সৃষ্টি করা হয়েছে। একটি বিশেষ মহল অস্ত্র দিয়ে অর্থ দিয়ে তাদের সহায়তা করছে।

বিশিষ্ট বুদ্ধিজীবী অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান. জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পাটি নেতা হায়দার আকবর খান রনো, অধ্যাপক মেসবাহ কামাল, অ্যাডভোকেট প্রমোদ মানখিন এমপি, আঞ্চলিক পরিষদ সদস্য রূপায়ন দেওয়ান, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, এমএন লারমার সহোদরা জ্যোতিপ্রভা লারমা প্রমুখ বক্তব্য রাখেন।

এরআগে সেখানে সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।