সার্ক সম্মেলনে যোগ দিচ্ছেনা আ.লীগ: শেখ হাসিনা ঢাকা ফিরছেন ১৩ নভেম্বর, সার্ক নেতাদের সঙ্গেও বৈঠক হচ্ছে না
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করছে না। বর্তমানে উত্তরবঙ্গের মঙ্গাকবলিত এলাকা সফররত জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও সার্ক সম্মেলন উদ্বোধনের সময় ঢাকা ফিরছেন না। তার সফরসূচি বর্ধিত করা হয়েছে। ১১ নভেম্বরের পরিবর্তে ১৩ নভেম্বর রোববার তিনি ঢাকা ফিরছেন।
এদিকে সার্ক নেতাদের সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠকও এখন অনিশ্চিত। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে ১২ নভেম্বর সন্ধ্যা এবং ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকার রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে ১৩ নভেম্বর তার এ সকল বৈঠক হওয়ার কথা ছিল। সূত্র জানায়, দ্বিতীয় দিনের বৈঠকগুলোও হচ্ছে না। তবে সবকিছু নির্ভর করছে ‘পরিস্থিতির’ ওপর।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বুধবার বিডিনিউজ’র সঙ্গে আলাপকালে সার্ক সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, ১২ নভেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠেয় দু’দিনব্যাপী সার্ক সম্মেলনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল দাওয়াতেই যে যোগ দিতে হবে, এমন তো কথা নেই।
শেখ হাসিনা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারিসহ মঙ্গাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্যে মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যান। ১১ নভেম্বর শুক্রবার তার ঢাকা ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গাকবলিত অঞ্চলের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে তার সফরসূচি বর্ধিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে বলেন, শেখ হাসিনা জনগণের নেত্রী। এ মুহূর্তে উত্তরাঞ্চলে যে দুর্ভিক্ষ চলছে, তাতে অসহায় ভুখা-নাঙ্গা মানুষগুলোকে ফেলে ঢাকায় ফিরতে পারছেন না তিনি। তার কাছে দরিদ্র অসহায় মানুষের গুরুত্বই বেশি। কেননা রাষ্ট্র বা সরকার এখনও নির্বিকার রয়েছে।
তিনি বলেন, তবে সার্ক নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনার যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। তারাও নিশ্চয়ই বিষয়টি উপলব্ধি করছেন।
বিরোধী দলীয় নেতার সহকারী ব্যক্তিগত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী বুধবার বিডিনিউজকে বলেন, শেখ হাসিনা শুক্রবার গঙ্গাচড়া ও বদরগঙ্গে দু’টি লঙ্গরখানা উদ্বোধন করবেন। এছাড়া শনিবার উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত বেশ ক’টি এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তিনি ওইদিন দুপুরে সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হতে পারেন।
কয়েকজন সার্ক নেতার সঙ্গে শেখ হাসিনার বৈঠকের কর্মসূচি এখনও অপরিবর্তিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় না ফেরা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।
অবশ্য আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছেন, শনিবার শেখ হাসিনার ঢাকায় ফেরা হচ্ছে না। ১৩ নভেম্বর রোববার ফিরবেন তিনি।
এদিকে ‘জেল হত্যা দিবস’ পালন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ১২ নভেম্বরই অনুষ্ঠিত হবে বলে আব্দুল জলিল বিডিনিউজকে জানিয়েছেন। তবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের পরিবর্তে এদিন বিকেলে এ সভা অনুষ্ঠিত হবে ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে। সূত্র জানায়, দলীয় প্রধান শেখ হাসিনার এ সভায় সভাপতিত্ব করার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকায় না থাকার কারণে এ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না শেখ হাসিনা।
এ ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকায় পৌঁছতে পারলে শেখ হাসিনা এ আলোচনা সভায় অংশ নেবেন।
