সার্ক সম্মেলন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা বলয়
আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনকে সামনে রেখে সারাদেশের সীমান্ত এলাকায় স্মরাণাতীত কালের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সীমান্তের চেকপোস্টে জোরদার করা হয়েছে তল্লাশী।
বিডিনিউজের যশোর, কুষ্টিয়া, চাঁপাই নবাবগঞ্জসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানিয়েছেন, সীমান্তে বিডিআর সামরিক সরঞ্জাম, টহল ও সার্বক্ষণিক নজরদারি অন্য যে কোনো সময়ের চেয়ে জোরদার করেছে। বিডিআরকে রাখা হয়েছে সতর্কাবস্থায়। পাল্টা ব্যবস্থা হিসেবে বিএসএফও সদস্যরাও সামরিক সরঞ্জামের পরিমান বাড়িয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ৬ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমান বিডিনিউজকে জানান, সীমান্তে রেড অ্যালার্ট জারির কারণে প্রায় দেড় সপ্তাহ ধরে ব্যাটেলিয়নের সকল ছুটি বন্ধ রাখা হয়েছে। এমনকি ঈদেও তাদের ছুটি দেওয়া হয়নি।
