২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস

১০ নভেম্বর, বৃহস্পতিবার শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে ঢাকার জিরো পয়েন্ট এলাকায় স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে যুবলীগকর্মী নূর হোসেন শহীদ হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 02:31 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

ওইদিন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে নূর হোসেন স্বৈর শাসনের প্রতিবাদ জানাচ্ছিলেন।

সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে তখন ঢাকার রাজপথ ছিলো উত্তাল। নূর হোসেনসহ শত শহীদের রক্তের বিনিময়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

শহীদ নূর হোসেন দিবস পালনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সেমিনার।

দিবসটি পালনে দক্ষিণ বাংলা যুব কল্যাণ সমিতি বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করেছে। ‘শহীদ নূর হোসেনের গণতান্ত্রিক আন্দোলন ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক।