সার্ক সম্মেলন উপলক্ষে পঞ্চগড়-ঠাকুরগাও সীমান্তে রেড অ্যালার্ট
আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে শুধু রাজধানী ঢাকাই নয় পঞ্চগড় জেলার গোটা সীমান্ত এলাকায়ও নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি পর্যন্ত এবং পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মীরগড় সীমান্ত থেকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার সীমান্ত পর্যন্ত এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
জানা গেছে, বিডিআর আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান ও সম্প্রতি নয়াদিল¬ীতে ভয়াবহ বোমা হামলার প্রেক্ষিতে সারাদেশের সীমান্ত এলাকায় জারিকৃত রেড অ্যালার্টের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় সীমান্ত পয়েন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়াও বিডিআরের সীমান্ত ফাড়িগুলোতে জনবল বৃদ্ধি করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। সে সাথে বিডিআরকে সবসময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চগড় ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী হালিমুর রশীদ এবং ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান খান জানান, রেড অ্যালার্ট নয়, তবে আমরা সব্বোর্চ সতর্কাবস্থায় আছি। বিএসএফ তাদের সীমান্ত এলাকায় সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে কয়েকগুন। আমরা সতর্ক রয়েছি। আমাদের সীমান্ত বর্তমানে শান্ত রয়েছে। আমরাও টহল ব্যবস্থা বাড়িয়েছি।
