জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার অভ্যুত্থানের স্মরণে সরকার সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে।
তবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ দিনটিকে ‘মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ হিসেবে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল দিনটিকে ‘সিপাহী-জনতা বিপ্লব’ দিবস হিসেবে পালন করে।
১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।
দিনটি ছিলো সরকারি ছুটির দিন।
এ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে জাতীয় ঐক্য তুলে ধরতে জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন করেন।
প্রধানমন্ত্রী মাজারে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে মন্ত্রীবর্গ, এমপি ও বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিএনপি, বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন এবং শরিকদল আলোচনা সভা, সেমিনার, মিলাদ মাহফিল, কোরআনখানি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যদিকে আওয়ামী লীগ ও জাসদ দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে।
