সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
সারা দেশে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ দিবসটি বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক ও বেদনাবিধুর দিন।
১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী এম মনসুর আলী এবং মন্ত্রী এএইচএম কামরুজ্জামানকে ষড়যন্ত্রকারী ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নৃশংসভাবে হত্যা করে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করে। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়।
দিবসটি পালন উপলক্ষে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনসহ দেশের সর্বত্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলের নেতাকর্মীরা জাতীয় চার নেতার স্মরণে কালোব্যাজ ধারণ করে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে শেখ হাসিনা বনানী কবরস্থানে যান এবং শহীদ জাতীয় নেতৃবৃন্দের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তাদের কবর জিয়ারত করেন এবং সেখানে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশ নেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
বিকেলে ক্যাপ্টেন মনসুর আলীর (অব.) ছেলে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের বাসভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে জাতীয় চার নেতার আত্মার শান্তি ও মাগফেরাত এবং দেশবাসীর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা থাকলেও তিনি সেখানে যোগ দিতে পারেননি। সন্ধ্যার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে তার এ কর্মসূচি বাতিল করতে হয়।
মিলাদে যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, বেগম মতিয়া চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. এসএ মালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জাতীয় শ্রমিক লীগ ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং পরে সকাল ৭টায় বনানী গোরস্থানে জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগও অনুরূপ কর্মসূচি পালন করে।
এছাড়া ১২ নভেম্বর শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
