সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন হচ্ছে
আজ বৃহস্পতিবার ৩ নভেম্বর। ঐতিহাসিক জেল হত্যা দিবস। বাঙ্গালী জাতির জীবনে একটি কলঙ্কজনক ও বেদনাবিধুর দিন।
১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী এম মনসুর আলী এবং মন্ত্রী এএইচএম কামরুজ্জামানকে ষড়যন্ত্রকারী ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নৃশংসভাবে হত্যা করে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করছে। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনসহ দেশের সর্বত্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এছাড়াও দলের নেতাকর্মীরা জাতীয় চার নেতার স্মরণে কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারণ করেছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে শেখ হাসিনা বনানী কবরস্থানে যান এবং মরহুম জাতীয় নেতৃবৃন্দের কবরে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তাদের কবর জিয়ারত করেন এবং সেখানে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশ নেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার (আজ) বাদ আছর ক্যাপ্টেন মনসুর আলীর (অব:) ধানমন্ডির ৭ নম্বর (নতুন) সড়কের ৭০১ নম্বর বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাও যোগ দেবেন।
জাতীয় শ্রমিক লীগ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, সকাল ৭টায় বনানী গোরস্থানে জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ অর্পণ করে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগও অনুরূপ কর্মসূচি গ্রহণ করে।
এছাড়াও ১২ নভেম্বর শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
