১৩ তম সার্ক সম্মেলনে ২২ দফা উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুমোদনের জন্যে উপস্থাপিত হবে
আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনে ২২ দফা উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে ২২ দফা সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুগুলোর মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা রয়েছে। ১১ নভেম্বরে অনুষ্ঠেয় পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে এসব ইস্যুতে আলোচনা হবে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ের এক বছর আগেই অর্থাৎ ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছরের মধ্যে সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনের মাধ্যমে সার্ক তৃতীয় দশকে পদার্পণ করছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ জনগণের কল্যানে ২০ বছরের পুরনো এ সংগঠনের পরবর্তী চেয়ার বাংলাদেশ আগামী দশককে সার্কের জন্য ‘বাস্তবায়নের দশকে’ পরিণত করতে চায়।
