২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ কোটি টাকার দুর্নীতি: ডিপিএইচই’র প্রাক্তন প্রধান প্রকৌশলীকে চাকরিচ্যুত করতে মতৈক্য

স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ১৪ কোটি টাকার দুর্নীতিসহ আটটি অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ফরিদউদ্দিন আহমেদকে চাকরিচ্যুত করতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রোববার সংসদ ভবনে কমিটির এক সভায় এ ব্যাপারে মন্ত্রীসহ সরকার ও বিরোধী দলের সদস্যরা নীতিগতভাবে মতৈক্যে পৌঁছেন।

সভা সূত্র জানায়, এতে ফরিদউদ্দিনের দুর্নীতি তদন্তে শহীদুজ্জামান বেল্টুর নেতৃত্বে চার সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, রওশন এরশাদ, সারোয়ার জামাল নিজাম ও আবুল খায়ের ভূঁইয়া।

উপ-কমিটি আগামী ১৫ দিন পরে অনুষ্ঠেয় কমিটির পরবর্তী সভায় এ ব্যাপারে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। ওই সভায় অভিযুক্ত প্রধান প্রকৌশলী আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী থাকাকালে ফরিদউদ্দিন ২০০৪ সালে ১৩ কোটি ২৫ লাখ টাকা, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া ও পটুয়াখালি জেলায় অধিদপ্তরের কোনো বাংলো না থাকলেও তিনি ওই খাতে ভূয়া বরাদ্দ দেখিয়ে ১৯ লাখ ১০ হাজার টাকা, খুলনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালে নলকূপ খাতে ৩৭ থেকে ৪৮ হাজার টাকা, বরিশাল সার্কেলের দায়িত্বে থাকাকালে একই খাতে ৪৪ হাজার ২৯৭ টাকা, চাঁদপুরের দায়িত্বে থাকাকালে ৩২ লাখ টাকা আত্মসাত করেন।

এছাড়াও তিনি দায়িত্বে থাকাকালে বিভিন্ন সফরে যাওয়ার সময় ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে যথাযথ ব্যক্তির কাছে তার দায়িত্ব হস্তান্তর না করে অধ:স্তনদের কাছে দায়িত্ব দিয়ে যেতেন বলে সভায় জানানো হয়।

সভায় প্রকৌশলী ফরিদউদ্দিনের বিরুদ্ধে প্রায় ১৪ কোটি টাকার আত্মসাতের মামলা দায়ের করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপির সাঈদ ইস্কান্দার ও শহীদুজ্জামান বেল্টু।