লালমনিরহাটে যুবদল হামলা চালিয়ে টিআইবির সভা পণ্ড করে দিয়েছে
লালমনিরহাটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সভা যুবদল কর্মীরা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে। এসময় হামলাকারীরা স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে টিআইবি’র উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। সভায় ডা. জাকিউল ইসলাম ফারুকী বক্তব্য রাখাকালে যুবদল জেলা কমিটির সাধারণ সম্পাদক মমিনুল হকের নেতৃত্বে ১৫/২০ জন কর্মী সভায় হামলা চালায়। এসময় তারা কামরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিরুল হায়াত মুকুল ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়জুল ইসলামকে লাঞ্ছিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সমালোচনা করে বক্তব্য রাখার সময় তারা হামলা চালায়।
সংবর্ধনা সভার আগে টিআইবি এক সংবাদিক সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিষয়ে ৫০০ পরিবারের ওপর জরীপের ফলাফল প্রকাশ করে।
টিআইবি সূত্র জানায়, হামলার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
