২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তি বাস্তবায়নে বর্তমান সরকারের সময়ে কোনো অগ্রগতি নেই

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে, জোট সরকারের আমলে গত চার বছরে তা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

শনিবার নগরীর মুসলিম হলে আওয়ামীলীগ আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, জোট সরকার পার্বত্য পরিস্থিতি জটিল করে তোলার দুরাভিসন্ধি নিয়ে সেখানে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে। সরকার শান্তিচুক্তির সারমর্মই বুঝতে পারেনি। তাই তারা ক্ষমতায় আসার আগে ঘোষণা দিয়েছিলো ‘ক্ষমতায় গিয়ে আমরা সংবিধান ও সার্বভৌমত্বের পরিপন্থী কালো চুক্তি বাতিল করবো’।

তারা আরো বলেন, কিন্তু ক্ষমতায় আসার পর তারা জনমতের চাপে ওই প্রতিশ্রুতি থেকে সরে আসে। কিন্ত শান্তিচুক্তি লঙ্ঘন করে গত চার বছর ধরে খোদ প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমএ মান্নান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বীর বাহাদুর এমপি, সাবেক সাংসদ দীপঙ্কর তালুকদার, সাবেক রাষ্ট্রদূত এসএস চাকমা প্রমুখ।