২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিকল্প ধারার সাংবাদিক সম্মেলনে বিএনপি-যুবদল ক্যাডারদের হামলা, মেজর মান্নানসহ ৫ জন আহত

নোয়াখালীতে বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের সাংবাদিক সম্মেলনে হামলা চালিয়ে বিএনপি ও যুবদল ক্যাডাররা মেজর মান্নানসহ ৫ জনকে গুরুতর আহত করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

হামলাকারীরা এসময় মেজর মান্নানের ৭৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, চেকবই এবং অন্যান্য জিনিস ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় আহত অন্যদের মধ্যে রয়েছে, জেলা বিকল্প ছাত্র ধারার সমন্বয়কারী শিহাব (২৭), আফতাব হোসেন খোকন (৩০), জাহিদ (৩০) এবং অজ্ঞাত একজন।

মেজর মান্নান জানিয়েছেন, নোয়াখালীতে বিকল্প ধারার কয়েকজন নেতা-কর্মীকে মারধর করার ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় বিআরডিবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিকল্প ধারা। যুবদলের ক্যাডররা এতে বাধা দেয় এবং সংবাদ সম্মেলন শেষ করে বাইরে যাওয়ার সময় মেজর মান্নানসহ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা এসময় মোটরসাইকেলযোগে ব্যাপক মহড়া দেয়।

এর আগে শুক্রবার বেলা ২টায় সন্ত্রাসীরা বিকল্প ধারা করার অপরাধে নোয়াখালী ইউনিয়ন বিকল্প যুব ধারার সভাপতি মাষ্টার তাহেদুল ইসলাম এবং সহ-সভাপতি জামাল উদ্দিন সবুজসহ চারজনকে ব্যাপক মারধর করে।