২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণে সংসদে গৃহীত প্রস্তাব কার্যকরের দাবি

একেএম ইউসুফসহ জামাতের ৪০ জন নেতা জামাত ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে ‘অযৌক্তিক আবদার’ ও ‘উস্কানিমূলক’ বলে সম্প্রতি যে বিবৃতি দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

তিনি যুদ্ধাপরাধী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণে ১৯৯৩ সালে জাতীয় সংসদে গৃহীত ঐকমত্যের প্রস্তাবটি কার্যকরের দাবি জানান।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশ জাতি ও স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জঙ্গিদের মূল সংগঠন জামাত-শিবিরের রাজনীতি করার কোনও অধিকার থাকতে পারে না।

অধ্যাপক সাইয়িদ বলেন, জামাত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি নতুন কোনও বক্তব্য নয়। এটা স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের মৌলিক দাবি। ১৯৯৩ সালের ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে জামাত-শিবির নিষিদ্ধ ঘোষণার পক্ষে তৎকালীন সংসদ উপনেতা বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন, আশরাফ হোসেন, শাহজাহান সিরাজ, ইসলামি ঐক্যজোটের সিরাজুল ইসলামসহ ৩৩ জন সাংসদ আলোচনায় অংশ নেন।

তিনি বলেন, জামাত এখনও ধর্মের লেবাসে হত্যার রাজনীতি বন্ধ করেনি। তাদের আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে জঙ্গিদের বেপরোয়া উত্থান হয়েছে। তাই জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন জরুরি হয়ে পড়েছে।