২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা তদন্তের নির্দেশ হাইকোর্টে স্থগিত

সংসদে বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ২,৩৩৩ কোটি টাকা আত্মসাৎ মামলা তদন্তের জন্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছিলেন, হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

শেখ হাসিনার দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সাথে এ তদন্ত আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানিয়ে দুর্নীতি দমন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কারণ দর্শানো নোটিশ প্রদান করে একটি রুল জারি করেন।

বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

পিটিশনে দুর্নীতি দমন কমিশন, এর চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান, উপ সচিব ও তদন্ত কর্মকর্তা খান মো: মিজানুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও পুলিশের আইজিকে বাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

নভো থিয়েটারসহ বিভিন্ন প্রকল্পের ২,৩৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বর্তমানে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ২৭ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন ১১ জন মন্ত্রী ও সচিবের বিরুদ্ধে তেজগাঁও থানায় তিনটি মামলা দায়ের করে।

পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান চলতি বছরের ২৪ অক্টোবর কমিশনের তদন্তকারী কর্মকর্তা খান মো: মিজানুল ইসলামকে এ মামলাগুলোর তদন্তের নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনকে পাশ কাটিয়ে কমিশনের চেয়ারম্যানের পক্ষ থেকে এককভাবে দেওয়া এ নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন এবং ওই চিঠির কার্যকারিতা বন্ধের দাবি জানান।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। অপরদিকে সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান।