১৪ দলের মহাসমাবেশ ১৫ নভেম্বরেই, ঐক্যবদ্ধ আন্দোলন পরিচালনায় লিয়াঁজো কমিটি গঠন
আওয়ামী লীগসহ ১৪ দলের মহাসমাবেশ ১৫ নভেম্বরেই অনুষ্ঠিত হবে। পল্টন ময়দানে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করতে আগামী ৯, ১০ ও ১১ নভেম্বর ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা সফরসহ ব্যাপক গণসংযোগ করবেন।
‘চলো চলো ঢাকা চলো’ শ্লোগানে উদ্বুদ্ধ করে মহাসমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর লক্ষ্যে দেশের সকল জেলা ও উপজেলায় সভা সমাবেশ অনুষ্ঠান এবং পোষ্টার লিফলেট বিতরণ করা হবে।
এদিকে, সরকার বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন পরিচালনার জন্য ১৪ দলের লিয়াঁজো কমিটি এবং ন্যুনতম কর্মসূচি প্রনয়ণের উদ্দেশ্যে একটি সাব কমিটি গঠন করা হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিকে সমন্বয়কারী করে বৃহস্পতিবার গঠিত লিয়াঁজো কমিটির অন্য সদস্যরা হলেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, হাসানুল হক ইনু, সৈয়দ জাফর সাজ্জাদ, পংকজ ভট্টাচার্য, দিলীপ বড়ুয়া, নুরুল ইসলাম, জাকির হোসেন, এমএ গণি, হাজী আব্দুস সামাদ ও ১১ দলের সমন্বয়ক।
কর্মসূচি প্রনয়ণ সাব কমিটিতে রয়েছেন : আব্দুল জলিল এমপি, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, মইনুদ্দিন খান বাদল, মফিজুল ইসলাম খান কামাল, দিলীপ বড়ুয়া, হাজী আব্দুস সামাদ, আমেনা আহমেদ ও নুরুল ইসলাম।
বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের সভায় উপরোক্ত সিদ্ধান্ত ছাড়াও দেশের সর্বশেষ রাজনৈতিক ও আর্থ সামাজিক পরিস্থিতির ওপর আলোচনা করা হয়।
উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত অঞ্চলে দুর্ভিক্ষ চললেও সরকারের নীরবতা এবং সরকারি ত্রাণ না পৌঁছানোয় সভায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। ক্যাডার সার্ভিস ছাড়া সরকারি চাকরিতে নিয়োগ বন্ধে সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় এ সভায়।
এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং জোট সরকারের পতনের লক্ষ্যে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে ১৪ দলের মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয় বলে সভা সূত্র জানায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বৈঠক শেষে বিডিনিউজকে জানান, মহাসমাবেশ ১৫ নভেম্বরেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কোন বিভ্রান্তি নেই।
আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের এ মহাসমাবেশ ১৫ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে না বলে ইতোপূর্বে গুজব ছড়ানো হয়েছিল।
