স্বরাষ্ট্র-সচিব পর্যায়ে বাংলাদেশ-ভারত বৈঠক বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু
বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্যে দু’দেশের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ে দু’দিনের বৈঠক বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে।
বৈঠকে পারস্পরিক আইনি সহায়তা, সীমান্ত সমস্যা, আগ্নেয়াস্ত্র ও মাদক চোরাচালান, অবৈধ অভিবাসন এবং চোরাচালান রোধের কৌশল নির্ধারণসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সার্ক সম্মেলনকালীন নিরাপত্তার বিষয়টিও বৈঠকে আলোচিত হবে।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে স্বরাষ্ট্র সচিব সফর-রাজ হোসেন বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করছেন। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন ভিকে দুগল।
বাংলাদেশ ইতোমধ্যেই ৪৪৪ জন সন্ত্রাসীর তালিকা ভারতের কাছে হস্তান্তর করেছে, যারা ভারতে আশ্রয় নিয়েছে। অন্যদিকে ভারত ১৭২ জন জঙ্গী এবং ৩০৭ জন সন্ত্রাসীর তালিকা বাংলাদেশের কাছে দিয়েছে। ভারতের অভিযোগ, এরা বাংলাদেশে লুকিয়ে আছে।
ভারতের অভিযোগ, উলফার মতো বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের নেতাকর্মীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অন্যদিকে বাংলাদেশ এ অভিযোগ অস্বীকার করেছে।
সফরকালে বাংলাদেশ প্রতিনিধি দল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং ও পররাষ্ট্র সচিব শ্যাম শরণের সাথে সাক্ষাৎ করবেন।
একই ইস্যুতে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর ও বিএসএফ’র মধ্যে মহাপরিচালক পর্যায়ে বৈঠক গত মাসে অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে নিরাপত্তা বিষয়ে এক সাথে কাজ করার ব্যাপারে দু’দেশই একমত হয়। তখন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওমর ফারুক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ধীরেন্দ্র সিং। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা প্রতিরোধ করতে আরও কার্যকর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারেও দু’পক্ষ ওই বৈঠকে একমত হয়।
