সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থরক্ষায় জাতিসংঘে চীনের উদ্যোগকে পূর্ণ সমর্থন দেবে বাংলাদেশ
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থরক্ষায় বাংলাদেশ জাতিসংঘের সংস্কারে চীনের প্রয়াসকে পূর্ণ সমর্থন দেবে।
ঢাকার হোটেল শেরাটনে রোববার আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষে এ সভা আয়োজন করা হয়।
বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আনোয়ারুল আমিন।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হ’ ল্যান জিং, সাবেক রাষ্ট্রদূত একেএম ফারুক, বাসসের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ডিপি বড়ুয়া, সমিতির মহাসচিব এসএ সিকদার এবং চীনের জিয়াং সিচুয়ান।
আব্দুল মান্নান ভূঁইয়া চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় তার দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, দু’দশের মধ্যে সম্পর্কের প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান। সম্পর্ক প্রতিষ্ঠার পর তিনি দু’বার চীন সফর করেন। তার সফরের মাধ্যমে দু’দশের সম্পর্কের গভীর ভিত্তি রচিত হয়।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনের ভূমিকা ইতিবাচক ও গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও বাংলাদেশ-চীন সম্পর্কের একটি শক্তিশালী স্তম্ভ।
তিনি চীনের অখণ্ডতার ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ বিশ্বাস করে, তাইওয়ান ও তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হলেও এর ভিত্তি রচিত হয়েছিল ১৯৫৭ সালে। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফর ও সে দেশের অবিসংবাদিত নেতা মাও সেতুংয়ের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে সেই ভিত্তি গড়ে ওঠে।
তিনি আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
