শিগগিরই উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হবে: আ.লীগের সেমিনারে আশংকা প্রকাশ
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান আশংকা প্রকাশ করে বলেছেন, খুব শিগগিরই উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হবে। তাই এ মুহূর্তে সকলের একযোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো জরুরি।
জাতীয় প্রেসক্লাবে রোববার অনুষ্ঠিত ‘কৃষি খাতে সংকট ও জোট সরকারের ব্যর্থতা-আগামী দিনে করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
তিনি বলেন, উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন মঙ্গা চলছে। অথচ পরিস্থিতি মোকাবেলা না করে সরকার অসহায় দুর্গত মানুষকে অবহেলা করছে। সরকারের বর্তমান ভূমিকা অব্যাহত থাকলে আগামী এক-দেড়মাসের মধ্যেই ওই এলাকায় দুর্ভিক্ষ অনিবার্য।
জোট সরকারের চার বছর পূর্তিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এ সেমিনারের আয়োজন করে।
দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করেন। বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এমপি।
এতে আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, এম আনিসুজ্জামান, প্রফেসর ড. আব্দুস সাত্তার মণ্ডল, আব্দুল মান্নান, কৃষিবিদ ড. মির্জা আব্দুল জলিল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম।
আব্দুর রাজ্জাক বলেন, কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বার্থ সংরক্ষণে বিএনপি-জামাত জোটের কোনও নীতিমালা আগেও ছিলনা, এখনও নেই। গত চার বছরে কৃষি ক্ষেত্রে উন্নয়নের কোনও স্বাক্ষর রাখতে পারেনি। অথচ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ বছরের সফলতা ছিল বাংলাদেশের রাজনীতিতে স্বর্ণযুগ।
তোফায়েল আহমেদ বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে অন্যান্য ক্ষেত্রেও দেশকে স্বনির্ভর করেছিলাম। কিন্তু জোট সরকার সবকিছুতেই দেশকে আমদানি নির্ভর করেছে।
আতিউর রহমান বলেন, কৃষিতে ব্যর্থতা আর জোট সরকার মুদ্রার এপিঠ-ওপিঠ। কৃষি ঋণ কিংবা ভর্তুকির কোন সুবিধাও পায়না গরিব প্রান্তিক কৃষকরা।
তিনি বলেন, স্বনির্ভর অর্থনীতি গড়তে হলে কৃষকদের স্বার্থে আমাদের কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষিকে কেন্দ্র করে কৃষকবান্ধব নীতিমালা গ্রহণ অত্যন্ত জরুরি। আর এ লক্ষ্যে পানি ব্যবস্থাপনা জোরদার, কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা, কৃষিক্ষেত্রে নয়া ঋণ প্রকল্প গ্রহণ, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভূমি আগ্রাসন ও দুর্নীতি বন্ধ করতে হবে।
