আপাদমস্তক দুর্নীতিবাজ জোটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন: সংবাদ সম্মেলনে জলিল
বিএনপি-জামাত জোটকে আপাদমস্তক দুর্নীতিবাজ উল্লেখ করে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।
এক সংবাদ সম্মেলনে বুধবার দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, জোট সরকারের দুর্নীতি তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে। যেখানে সরকারের কাজ দুর্নীতির বিচার করা, সেখানে বিএনপি-জামাত জোট সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আর প্রধানমন্ত্রীর পুত্র পরিচালিত হাওয়া ভবন হচ্ছে সকল দুর্নীতির কেন্দ্রবিন্দু।
আগামীতে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎকৃত ও বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে বলে তিনি ঘোষণা দেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি বিষয়ক রিপোর্ট প্রকাশের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
আব্দুল জলিল এমপি লিখিত বক্তব্যে বলেন, বিএনপি-জামাত জোট শুরু থেকেই দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে। তাই চার বছর সময় পাওয়ার পরও দুর্র্নীতি দমনের চেষ্টা না করে দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে তারা। দুর্নীতিকেই তারা নীতি হিসেবে গ্রহণ করেছে।
তিনি বলেন, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ থেকে শুরু করে ঢাকা শহরের টয়লেট ইজারা আর গ্রামের হাট ইজারা পর্যন্ত এমন কোনও ক্ষেত্র নেই, যেখানে তারা দুর্নীতি করেনি। এমনকি দুঃস্থদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণের তালিকা থেকে শুরু করে বন্যায় ত্রাণ বিতরণ পর্যন্ত কিছুই জোট সরকারের দুর্নীতি থেকে রেহাই পায়নি।
এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, টিআইবি সাধারনত অক্টোবর-নভেম্বর মাসে তাদের এ প্রতিবেদন প্রকাশ করে থাকে। কিন্তু আওয়ামী লীগ আমলের শেষ বছরে নির্বাচনের আগে তা জুন মাসে প্রকাশ করা হয়, যা ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, ড.মহিউদ্দিন খান আলমগীর, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মহানগর নেতা হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।
