২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার সম্পদের হিসাব যে কোনও মুহূর্তে দিতে প্রস্তুত, ‘ওদেরটা’ নেওয়া হবে কীভাবে : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আমার সম্পদের হিসাব যে কোনও মুহূর্তে দিতে প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি হ্রাস ও জনগণের কাছে রাজনীতিবিদদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সম্পদের হিসাব দেওয়ার যে প্রস্তাব করেছে, বুধবার সে সম্পর্কে তিনি তার বাসভবন সুধাসদনে সাংবাদিকদের এ কথা বলেন।

টিআইবি’র প্রস্তাবকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, আমার লুকানোর কিছুই নেই। জনগণের সামনে সবকিছুই তুলে ধরতে প্রস্তুত আমি।

তবে তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার পুত্র ও পরিবারের দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে গড়া সম্পদের পাহাড়ের হিসাব এখন তারা কীভাবে নেবে?

পুলিশ হেফাজতে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহমেদ জীবনের পরিবার সদস্যরা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে এলে উপস্থিত সাংবাদিকদের তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও তার দু’পুত্র সরকারি সম্পত্তি আত্মসাত করে বিদেশে পাচার করছেন। প্রধানমন্ত্রী ও তার পরিবারের কত টাকার ব্যাংক লোন মওকুফ করা হয়েছে, তা বের করা গেলেই ওদের দুর্নীতির হিসাব পাওয়া যাবে।

তিনি বলেন, বিএনপি’র দুর্নীতিতে কোনো রাখ্ঢাক নেই। তারা দুর্নীতি করে প্রকাশ্যেই। সন্ত্রাস, দুর্নীতি, কালো টাকা আর ব্ল্যাক মেইলিং হচ্ছে ক্ষমতাসীনদের নীতি।

টিআইবি’র রিপোর্টকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ক্ষমতাসীন জোটের সীমাহীন দুর্নীতির কারণেই বাংলাদেশ পঞ্চমবারের মতো দুর্নীতিতে শীর্ষ স্থান লাভ করেছে। বিএনপি জামাত জোটের প্রতিটি ক্ষেত্রে লাগামহীন দুর্নীতিরই প্রতিফলন এই রিপোর্ট।

টিআইবি’র প্রস্তাব প্রসঙ্গে দ্বিধাহীন কণ্ঠে শেখ হাসিনা বলেন, আমি কিংবা আমার পুত্রের সম্পত্তি যে কোন মুহূর্তে প্রকাশ করতে রাজি। কিন্তু ওদেরটা (প্রধানমন্ত্রী ও তার পরিবার) পাবে কীভাবে?

তিনি বলেন, আমার নিজের কোন সম্পত্তি নেই। যে বাড়িতে থাকি সেটি আমার স্বামীর। আমার বাবা যে সম্পত্তি রেখে গিয়েছিলেন তা জনগণের জন্য ট্রাস্ট করে দেওয়া হয়েছে।

অন্যদিকে জোট নেত্রীর রয়েছে ক্যাণ্টনমেন্টে নয় বিঘা জমির ওপর বাড়ি, গুলশানে বাড়ি। আর বেনামে কত অর্থ সম্পত্তি আছে তা তদন্ত করলেই পাওয়া যাবে।

বিএনপি জামাত জোটকে খুনি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে তারা নির্বিচারে মানুষ হত্যা করে একেকটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আর কত রক্ত চায় তারা?

সুমন হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্ব যেখানে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। সেখানে সরকার সরাসরি সন্ত্রাস লালন করে মানুষ হত্যা করছে। জনগণকে ফেলে দিয়েছে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

সুমনের স্ত্রী শাহনাজ আখতার ডলি ও তিন বছরের শিশুপুত্র রোহান শেখ হাসিনাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরেন। তিনি তাদের সান্ত¡না দেন। তাদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন শেখ হাসিনা। এসময় সুমনের বাবা আব্দুল মালেক, দু’বোন এবং আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ উপস্থিত ছিলেন।

নগরীর ৬০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক সুমন (২৪) গত ১৮ আগষ্ট পুরান ঢাকায় পুলিশ হেফাজতে নিহত হন।