২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর নিরাপত্তার কারণে সার্ক শীর্ষ সম্মেলন হবে নিষ্প্রাণ

আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ কঠোর পদক্ষেপের কারণে সম্মেলনকে ঘিরে নির্ধারিত কিছু কর্মসূচি ছেটে ফেলতে হয়েছে। এসব কারণে আগামী ১২ ও ১৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলন অনেকটাই নিষ্প্রাণ মনে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এর আগে দুইবার স্থগিত হয়ে যাওয়া সার্ক শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকার ব্যাপারে পাকিস্তান ইতোমধ্যেই তাদের সম্মতিসূচক মনোভাব প্রকাশ করেছে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান রোববার সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বদলে প্রধানমন্ত্রী শওকত আজিজ সম্মেলনে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

তিনি জানান, সম্মেলনে স্ব স্ব দেশের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও মালদ্বীপের নিরাপত্তা দল সোমবার ঢাকায় পৌঁছাবে।

আশা করা হচ্ছে, সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর ২০০ থেকে ২৫০ জন পদস্থ কর্মকর্তা এবং ২৫০ থেকে ৩০০ জনের মতো বিদেশি সাংবাদিক ঢাকায় আসবেন। ওই সময় স্কুল ও কলেজ বন্ধ থাকবে।

নিরাপত্তার কারণে সাংস্কৃতিক কর্মসূচি, সুন্দরবন ভ্রমণ, ফ্যাশন শো, শিল্প প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি বাতিল করা হয়েছে।

সার্কভুক্ত ছয়টি দেশের নেতার জন্য ছয়টি বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনে ঢাকা ঘোষণা তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলেছে। ঘোষণায় সাতটি বিষয়ের ওপর বিশেষ আলোকপাত করা হবে। বিষয়গুলো হচ্ছে, দারিদ্র্য বিমোচন, আঞ্চলিক সহযোগিতা উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ, সন্ত্রাসদমন এবং সার্কের প্রাতিষ্ঠানিক ভিত্তি তথা সার্ক সচিবালয় শক্তিশালীকরণ।

এদিকে, পাকিস্তান ও জম্মু ও কাশ্মিরে ভূমিকম্পের কারণে সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্য মন্ত্রীদের বৈঠক স্থগিত করা হয়েছে। সার্কভুক্ত দেশ এবং সচিবালয়ের পরামর্শক্রমে পরবর্তীতে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে।

পাকিস্তান থেকে প্রাপ্ত এক সংবাদে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে কঠিন পরিস্থিতি ও ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও পাকিস্তান সার্কের কার্যক্রম গতিশীল রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ চেতনা থেকেই ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণের লক্ষ্যে পাকিস্তান আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।