২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু করবেন তারেক রহমান

আসন্ন ঈদের পরেই ক্ষমতাসীন বিএনপি সারা দেশে মাঠ পর্যায়ে তাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

শনিবার প্রধানমন্ত্রী ভবনে বিএনপি আয়োজিত ‘নির্বাচনপূর্ব আলোচনা ও ইফতার’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন বক্তব্যদানকালে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান একথা জানান।

তিনি নির্বাচনপূর্ব কার্যক্রম পরিচালনায় দলের সকলকে আত্মনিয়োগ করার জন্যে থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমি আশা করছি, আগামী মাস থেকে আপনারা আমাকে মাঠে দেখতে পাবেন।

তিনি থানা, পৌরসভা ও জেলা পর্যায়ের নেতাদের পর্যায়ক্রমে এসব কর্মসূচি আয়োজনের কথা বলেন।

বিরোধী দলকে পরাজিত করতে তিনি সকলকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দল ও দলের ইশতেহারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন, মনোনয়নের প্রতি নয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যারা দলের সিদ্ধান্ত মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।

সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের প্রায় ১,৪০৮টি থানা, পৌরসভা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন। রোববারের অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের নেতৃবৃন্দ।