আপনারা জনগণের প্রভু নন, সেবক: দলীয় নেতাদের প্রতি সোনিয়া গান্ধী
পার্টির নেতারা যে জনগণের প্রভু নন বরং সেবক, কংগ্রেস নেতাদের সে কথাই স্মরণ করিয়ে দিলেন সভানেত্রী সোনিয়া গান্ধী।
শনিবার ভারতের টাইমস অব ইন্ডিয়া জানায়, ক্ষুব্ধ কংগ্রেস সভানেত্রী দলীয় নেতৃবৃন্দকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বন্ধ রাখতে এবং ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ দেন।
প্রতিবেদনে বলা হয়, সোনিয়া গান্ধীর পক্ষ থেকে দলীয় নেতাদের স্বচ্ছ থাকার নির্দেশ এই প্রথম নয়। তবে এবারে তার কথায় অনুরোধের কোনও সুর ছিল না। বরং ঝাঁঝালো সুরেই দলীয় নেতাদের করণীয় সংক্রান্ত যে ১৮ দফা নীতিমালা রয়েছে, তা তাদের স্মরণ করিয়ে দিয়েছেন।
এক বার্তায় সোনিয়া গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকার পরও যে হারে নীতিমালা লংঘিত হচ্ছে, তা দুঃখজনক।
নীতিমালাভূক্ত কঠোর উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী বা সরকারি কর্মকর্তাদের ইকনোমি ক্লাস ব্যবহার, মন্ত্রী ও কর্মকর্তাদের অফিসিয়াল টেলিফোন বিল কমানো, তাদের এসটিডি ও আইএসডি টেলিফোন সুবিধা না দেওয়া এবং কেবল গভর্নর ও মুখ্য মন্ত্রীর গাড়িতে লাল বাতি ও সাইরেন ব্যবহার।
সরকারি অর্থের অপচয় এবং ক্ষমতার অপব্যবহার রোধ করতে নীতিমালায় মন্ত্রিদের মাত্র একটি অফিসিয়াল গাড়ি ব্যবহারের জন্য বলা হয়েছে ; অনুৎসাহিত করা হয়েছে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানকে। এছাড়া সরকারি অর্থে নববর্ষ ও ধর্মীয় উৎসব পালন না করতে এবং সতর্কতার সাথে সরকারি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছে।
সরকারি অর্থে ছাপানো ভোজ সভার নিমন্ত্রণপত্রের ব্যাপারেও সোনিয়া গান্ধী ক্ষোভ প্রকাশ করেন।
এসব নীতিমালা লংঘন রোধ করতে প্রতিটি অঙ্গরাজ্যে নীতিমালা কমিটি গঠনের জন্যে কংগ্রেসের রাজ্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচিত এমপিদের বার্ষিক সম্পদ ও আয়ের হিসাব দেওয়ার প্রতিও গুরুত্বারোপ করেছেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, অনুষ্ঠানে ফুলের তোড়া ও উপহার দেওয়ার রীতি পরিহার করতে হবে। এছাড়াও দলীয় নেতাদের যে কোনো ধরনের জঁমকালো অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছেন কংগ্রেস নেত্রী।
