২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী সেলিমের পক্ষে মসজিদে হাদিস ও নামাজ শিক্ষার বই বিতরণকালে বিএনপি ক্যাডারদের হামলা

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে শুক্রবার নগরীর বিভিন্ন মসজিদে নামাজ শিক্ষা ও হাদিসের বই বিতরণকালে বিএনপি দলীয় ক্যাডারদের বাধাদান, হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

হাজী সেলিম অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতে বিএনপির ক্যাডাররা হামলা চালিয়ে বই কেড়ে নেয়। এছাড়া, গত সপ্তাহে লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গির চর এলাকার বিভিন্ন মসজিদে আওয়ামী লীগের যে সকল কর্মী নামাজ শিক্ষা ও হাদিসের বই বিতরণ করেছে, তাদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে হয়রানি করছে।

হাজী সেলিম বিডিনিউজকে বলেন, স্থানীয় সাংসদ নাসির উদ্দিন পিন্টু এক সপ্তাহ আগে শুক্রবার এক সমাবেশে বই বিতরণকারীদের ধোলাই দেওয়া হবে বলে হুমকি দেওয়ার পরেই পুলিশ অ্যাকশনে যায়। লালবাগ শাহী মসজিদে বই বিতরণ কালে নাসির উদ্দিন পিন্টু নিজেই বাধা দেন এবং উপস্থিত পুলিশদের ধমক দিয়ে বই বিতরণ বন্ধ করতে নির্দেশ দেন বলে তিনি অভিযোগ করেন।

হাজী সেলিম নগরীর বিভিন্ন মসজিদে দেড় লাখ বই ও নগদ অর্থ প্রদান করেছেন বলে জানান।