২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট পেতেই ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না প্রধানমন্ত্রী : আ. লীগ

আওয়ামী লীগ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, বিএনপি জামাত জোট গত চার বছরে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সন্ত্রাস দুর্নীতিতে তারা গত ৫০ বছরের সকল রেকর্ড ভঙ্গ করেছে। সারাদেশ জ্বলছে জোটের অপকর্ম আর সন্ত্রাসের আগুনে।

তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসীদের মদদ দিয়ে ধর্মান্ধ জঙ্গিদের ব্যবহার করে ভোট পাওয়ার জন্য প্রধানমন্ত্রী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না।

নগরীর রাজউক মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত আইন শৃংখলা ও সন্ত্রাস বিষয়ক এ সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি।

বিষয়ের ওপর প্রস্তাবনা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম, দৈনিক সংবাদ সম্পাদক বজলুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেন, মোজাম্মেল বাবু ও অসীম কুমার উকিল।

জিল্লুর রহমান বলেন, বিএনপি জামাত জোট সরকার গত চার বছরে আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ সর্বক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার আর কোন অধিকার নেই। জোটকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।

আব্দুল জলিল জোট সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস সৃষ্টি ও খুনী সন্ত্রাসীদের মদদদানের অভিযোগ আনেন। তিনি বলেন, আইন শৃংখলা রক্ষার কাজে স্বাভাবিক গতিকে অস্বাভাবিক পথে পরিচালনায় রাষ্ট্র যখন নিজেই উদ্যোগী হয় তখন সেই রাষ্ট্র ফ্যাসিজমের দিকে ধাবিত হয়। তখন তা আর গণতান্ত্রিক রাষ্ট্র থাকে না। নির্বাচিত সরকার কিভাবে ফ্যাসিস্ট হতে পারে গত চার বছরে বিএনপি জামাত জোট তার উৎকৃষ্ট উদাহরণ।

আওয়ামী লীগ শাসনামলে মেধাবী ছাত্র রুবেল হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, অত্যন্ত যোগ্য পুলিশ কর্মকর্তা হওয়ার পরেও আমরা এসি আকরামকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছিলাম। অথচ গত চার বছরে জোট সরকার ক্রসফায়ার ও ক্লিনহার্টের নামে দেশে হাজার হাজার রুবেলকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফ্রাংকেষ্টাইন সৃষ্টি করে আইন ভঙ্গের প্রতিযোগিতা চালাচ্ছেন। কিন্তু একদিন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। প্রতিটি হত্যার বিচার করা হবে।

বজলুর রহমান বলেন, এতো সন্ত্রাস ও দুর্নীতি ইতিহাসে দেখা যায় না। জোট আমলে চলছে সর্বব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, হতাশা ও নৈরাশ্য। সরকার নিজেই এখন ‘দুর্নীতি প্রমোশন ব্যুরো’তে পরিনত হয়েছে।

মাহবুবে আলম বলেন, দলীয় বিবেচনায় সরকার কর্তৃক খুনি সন্ত্রাসীদের মামলা প্রত্যাহার করা হলে সন্ত্রাস দমন কোন মতেই সম্ভব নয়।