১৭ আগস্ট বোমা বিস্ফোরণকালে কুষ্টিয়ায় হামলার ঘটনায় শায়খ আবদুর রহমান ও বাংলাভাইসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট, আরো গ্রেপ্তার
দেশজুড়ে ১৭ আগস্টের বিস্ফোরণকালে কুষ্টিয়া জেলার সাতটি স্থানে বোমা হামলার ঘটনায় সিআইডি নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি’র (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাইসহ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে। এদিকে মেহেরপুর ও নেত্রকোনা থেকে বুধবার গভীর রাতে জেএমবি’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, ১৭ আগস্ট জেলার সাতটি স্থানে বোমা হামলায় জেএমবি’কে জনযুদ্ধের ক্যাডাররা সহযোগিতা করেছিলো বলে সিআইডি চার্জশিটে উল্লেখ করেছে। চার্জশিটভুক্ত ১২ আসামির মধ্যে শামসুল ইসলাম ও আকবর আলী কারাগারে রয়েছে। সিআইডি ঢাকা জোনের সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান তদন্ত শেষে এ চার্জশিট দেন।
সিআইডি বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় পাঁচ জন প্রত্যক্ষদর্শীসহ ২৬ জনকে সাক্ষী রেখে আদালতে চার্জশিট পাঠায়।
মুন্সী আতিক জানান, চাঞ্চল্যকর এ মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। এরা হচ্ছে, জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানী, সামসুল ইসলাম, আকবর আলী, নিজামুল, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান, লুৎফর, মশিউর, ইনাম ও শাহাদত।
বিডিনিউজ মেহেরপুর প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার বাড়াদী বাজারে অভিযান চালিয়ে জেএমবি’র দুই সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, সদর উপজেলার কালাইডাঙ্গা গ্রামের মৃত জামান বিশ্বাসের পুত্র মো. সামাদ আলী ওরফে হুমায়ুন ওরফে হুমা (১৯) এবং যুগিন্দা গ্রামের মো. হযরত আলীর পুত্র মো. সালাম ওরফে মিলন (১৮)।
পুলিশ জানায়, ১৭ আগস্ট মেহেরপুরের বিভিন্ন স্থানে বোমা হামলার পর হুমা ও মিলন বাড়াদী বাজারে আত্মগোপন করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাড়াদী বাজার এলাকা ঘেরাও করে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত জেএমবি সদস্য শামীম এর স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে হুমা ও মিলনকে আটক করা হয় বলে সূত্র জানায়।
মেহেরপুর সদর থানার ওসি মো. নিজামউদ্দিন হাওলাদার বলেন, আটককৃতরা নিশ্চিতভাবে বোমা হামলার সঙ্গে জড়িত ছিল। তাদের গডফাদারকেও আটক করা হবে বলে তিনি জানান।
আটকের পর পুলিশ তাদের কোর্ট হাজতে পাঠিয়েছে।
বিডিনিউজ নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার ছয়টি স্থানে বোমা হামলার মূলহোতা ও পরিকল্পনাকারী জেএমবি’র আঞ্চলিক কমান্ডার কাউসার আলম সুমনকে নেত্রকোনা থানা পুলিশ সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ডুলিগাতি গ্রামের আবদুস সালামের বাড়ি থেকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে কিছু ভিডিও ক্যাসেট, জেএমবি’র চাঁদা আদায়ের রশিদ বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্যে তাকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সুমন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মাওহা গ্রামের আহলে হাদিস নেতা আবদুর রেজ্জাকের পুত্র।
এর আগে ১০ আগস্ট নেত্রকোনা ও গৌরিপুরের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সুমনের ছোট বোন বিউটি আক্তার (১৬)কে গ্রেপ্তার করেছে। বিউটি আক্তার জেএমবি’র মহিলা ব্রিগেডের সদস্য বলে পুলিশ সন্দেহ করছে।
জিজ্ঞাসাবাদে সুমন জানায়, বোমা হামলার একমাস আগে সেসহ সাত জন জেএমবি সদস্য নেত্রকোনা কুড়পা এলাকার লিটনের বাড়ি ভাড়া নেয় এবং মধু ব্যবসায়ী ও রিকশাচালকের ছদ্মবেশে বোমা হামলার নীল নকশা তৈরি করে। বোমা হামলার পরপরই তারা নেত্রকোনা থেকে পালিয়ে যায়।
