২০০৭ সালের নির্বাচনে জোট জয়ী হবেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ২০০৭ সালের জাতীয় সংসদ নির্বাচনে জোট জয়ী হবেই।
চারবছরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার এক বছরে আরো অগ্রগতি অর্জিত হবে।
বুধবার কেরানীগঞ্জের বসিলায় তৃতীয় বুড়িগঙ্গা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ধলেশ্বরী ও ইছামতি সেতু উদ্বোধনের পর নবাবগঞ্জের দৌলতপুরে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পাঁচবছর ক্ষমতায় থেকে কোনো উন্নয়নমূলক কাজ করেনি। তাদের কাজ ছিলো সন্ত্রাসীদের লালন-পালন করা। জোট সরকার ক্ষমতায় এসে সন্ত্রাস দমন করেছে।
তিনি আরো বলেন, মানুষ হত্যা করে ইসলাম কায়েম করা যায় না। তিনি ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্থানীয় বিএনপির নবাবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবদুল মান্নান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী প্রমুখ।
ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, আগামী নির্বাচনে ঢাকার পাঁচটি আসনে আমরাই বিজয়ী হবো।
৪৮ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বছিলায় তৃতীয় বুড়িগঙ্গা সেতু নির্মাণ করা হচ্ছে। তিন বছরের মধ্যে এ নির্মাণ কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অন্যদিকে ধলেশ্বরী ও ইছামতি সেতু নির্মিত হওয়ায় কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।
