২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যে মানুষ অতীষ্ঠ, রাষ্ট্র নিরাপত্তাহীন, ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছাড়ুন: প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে ব্যর্থতার দায়িত্ব স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সার্বজনীন পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দের সঙ্গে ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে বুধবার তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করে জোট নেত্রী ক্ষমা চেয়েছেন। ওদের অত্যাচার নির্যাতনে মানুষ অতীষ্ঠ, হতাশ। রাষ্ট্র আজ নিরাপত্তাহীন। তাই ব্যর্থ এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনও অধিকার নেই। তারা পদত্যাগ করে চলে গিয়ে দেশের ভবিষ্যত উজ্জ্বল করুক-এটিই আমি চাই।

তিনি বলেন, বিএনপি জামাত জোটের টার্গেট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগ। ২০০১ সালের পর থেকে তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে দলের নেতা কর্মীসহ সংখ্যালঘুদের খুন, ধর্ষণ ও অমানবিক অত্যাচার নির্যাতন চালিয়েছে। সারা দেশে তারা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির কারণে তা মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উত্তরবঙ্গে চলছে মঙ্গা ও দুর্ভিক্ষ। পবিত্র এই রমজান মাসেও মানুষ রোজা রেখে চিনির সরবত খেতে পারে না। ক’দিন পরে দেখা যাবে নুন ভাতও খেতে পাচ্ছে না। অথচ প্রধানমন্ত্রী বলছেন, মানুষের নাকি ক্রয়ক্ষমতা বেড়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্রয়ক্ষমতা বেড়েছে, এটা ঠিক। আর তিনি তো বাজারের হিসাব রাখেন না। তার খাবার আসে হোটেল শেরাটন থেকে। প্রতি বেলায় তার খাবরের খরচ তিন হাজার টাকা। তিনি মানুষের খবর রাখবেন কোত্থেকে!

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, শেষ বেলায় এসে তিনি স্বীকার করলেন, দেশে সন্ত্রাসী আছে এবং তারা বোমাবাজি করছে।

পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দের মধ্যে সিআর দত্ত বীরোত্তম, দেবপ্রিয় ভট্টাচার্য, চিত্তরঞ্জন মজুমদার, ড. নিম চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও মনীন্দ্র কুমার নাথ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও সুরঞ্জিত সেন গুপ্ত এমপি উপস্থিত ছিলেন।

শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ

এর আগে শ্রমিক লীগ নেতৃবৃন্দ সংগঠনের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন সুধাসদনে সাক্ষাৎ করেন।

আওয়ামী লীগ প্রধান তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, একের পর এক শিল্প কারখানা বন্ধ করে দিয়ে জোট সরকার গরিব শ্রমিকদের পেটে লাথি মারছে। খয়রাতির চাল পর্যন্ত লুট করছে বিএনপির ক্যাডাররা। মানুষ এ দুর্বিসহ অবস্থা থেকে মুক্তি চায়।

তিনি বলেন, বিএনপি জামাত জোটের দুঃশাসনের কবল থেকে মানুষকে মুক্ত করতে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, রওশন জাহান সাথী এসময় উপস্থিত ছিলেন।

শ্রমিক লীগ নেতা কর্মীরা এর আগে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে রক্ষিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।