কুষ্টিয়ায় বিএনপি দু’গ্রুপের গুলি বিনিময়, আহত ২০
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দু’গ্রুপের মধ্যে বন্দুক ও দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে সাত জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় বিএনপি নেতা শিহাবউদ্দিনের সাথে বিএনপির অপর নেতা মাহেরুনের বিরোধ চলছিল।
মাহেরুনের কাছে শুক্রবার রাতে শিহাবউদ্দিন পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এটি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং দু’জনের সমর্থকদের মাঝে তা ছড়িয়ে পড়ে।
প্রায় দেড় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে দেশী অস্ত্রশস্ত্র ব্যবহার করা ছাড়াও উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। সংঘর্ষে আসাদুল (৪০) ও আলাউদ্দিন গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ১৮ জন আহত হয়।
আবার সংঘর্ষের আশংকায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।
