২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের পদত্যাগ ও জঙ্গিদের মদদদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ১৪ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম

আওয়ামী লীগসহ ১৪ দল বিএনপি জামাত জোটের পদত্যাগ এবং জঙ্গিদের মদদদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে ১৪ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 01:22 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শনিবার এক সংবাদ সম্মেলন থেকে সরকারকে সময়সীমা বেঁধে দিয়ে ১৪ দল বলেছে, এই সময়ের মধ্যে জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তিকে মদদদানের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও এর সঙ্গে যুক্ত মন্ত্রীসভার অপরাপর সদস্য, এমপি, মেয়রকে বহিষ্কার করা না হলে ১৫ নভেম্বর ঢাকার মহাসমাবেশ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

জোটের অন্যান্য দাবির মধ্যে রয়েছে আলতাফ চৌধুরী ও ইসলামী ঐক্যজোট নেতা মওলানা মহিউদ্দিনকে গ্রেফতার ও বিচার এবং জঙ্গি তৎপরতায় অর্থ ও প্রশাসনিক সহায়তা দানকারী ব্যাংক, বীমা ও এনজিও’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষমতাসীন জোটের পদত্যাগ।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, শুধু উগ্র সাম্প্রদায়িক জঙ্গি তৎপরতার বিপদের মধ্যে নয়, দেশবাসী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে দুর্বিষহ জীবন যাপন করছে। রমজানের শুরুতেই আরও এক ধাপ মূল্যবৃদ্ধিতে ধর্মপ্রাণ মুসলমানদের রোজা রাখাও অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারে ১৪ দলের রূপরেখা বাস্তবায়নে জোট সরকার এখনও কোন পদক্ষেপ নেয়নি। বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নির্বাচন কমিশনকে দলীয়করণ, দলীয় ক্যাডারদের নির্বাচন কর্মকর্তা নিয়োগ এবং নতুন ভোটার তালিকা তৈরীর নামে কারচুপির ব্যবস্থা করা হয়েছে।

আব্দুল জলিল আবারও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, উত্থাপিত প্রতিটি ইস্যুতে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকারের বিরুদ্ধে জোট সরকার উগ্র সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ, দুর্ণীতি, দলীয়করণ এবং নির্বাচন কারচুপির যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তাকে মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনতে হবে।

সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, রাশেদ খান মেনন, মাইনুদ্দিন খান বাদল, সৈয়দ জাফর সাজ্জাদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, পংকজ ভট্টাচার্য, দিলীপ বড়ুয়া, নুরুল ইসলাম, বিমল বিশ্বাস, মফিজুল ইসলাম খান কামাল, এমএ গণি ও জাকির হোসেনসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।