আমেরিকাকে জড়িয়ে শেখ হাসিনার নামে প্রচারিত মন্তব্য দূরভিসন্ধিমূলক: আওয়ামী লীগ
আমেরিকাকে জড়িয়ে শেখ হাসিনার ভুল উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদকে দুরভিসন্ধিমূলক উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।
ভারতে শেখ হাসিনার সফরসঙ্গী রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে বলেছেন, আমেরিকা সম্পর্কে আলোচনার মতো কোনও অবস্থাই তৈরি হয়নি।
তিনি বলেন, এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্যে পারস্পরিক সহযোগিতা দরকার।
আজমীর থেকে পিটিআই পরিবেশিত সংবাদে বলা হয়েছিল, আমেরিকার ক্রমবর্ধমান অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐক্য দরকার।
এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি শনিবার এক বিবৃতিতে বলেন, পিটিআই’র বরাত দিয়ে ভারত সফররত শেখ হাসিনার নামে বিভিন্ন পত্রিকায় যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
তিনি বলেন, প্রকাশিত সংবাদের বিষয়ে দিল্লিতে অবস্থানরত সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনও দেশের আগ্রাসন বা হস্তক্ষেপ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে কোনও কথাই তিনি বলেন নি।
