২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির আরও ৪ সদস্য গ্রেপ্তার, সিলেটে ১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দেশজুড়ে ১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে পুলিশ শনিবার জয়পুরহাট ও ফরিদপুরে জেএমবির তিন জনকে এবং শুক্রবার রাতে নারায়নগঞ্জে একজনকে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এছাড়া সিলেটে ইতোপূর্বে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য মাস্টার আবদুল হাই শনিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে পুলিশ জেএমবির সাথে জড়িত অভিযোগে শনিবার সদর উপজেলার কড়ই গ্রামের হাবিবর রহমান (২৫) ও যুকিপাড়া গ্রামের আফাজউদ্দিন পহিলু (৩৫) কে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্র জানায়, জেএমবির সাথে জড়িত সন্দেহে প্রথমে তাদের আটক করা হয় এবং পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাদের সম্পর্কে কোনও তথ্য দিতে চাচ্ছে না।

জেএমবির সাথে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটে এ পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি জানান, জঙ্গি সন্দেহে পুলিশ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে শনিবার বিকেলে এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। আটককৃত ছাত্রের নাম হামিদ সোহেল মিয়া (২২)।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ বোয়ালমারী উপজেলা বাসস্ট্যান্ডের একটি পরিবহন কাউন্টার থেকে তাকে আটক করে।

পরে সোহেলকে সঙ্গে নিয়ে পুলিশ তাদের বোয়ালমারী শহরের বাড়িতে তল্লাশি চালিয়ে নির্ভীক কাফেলা ও বিপ্লবী জাফরণ নামে দুটি ক্যাসেট উদ্ধার করে। আটককৃত সোহেল গোপালগঞ্জ জেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলার ফতুল্লা থানা পুলিশ সন্দেহভাজন একজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার গভীর রাতে ফতুল্লার রেল স্টেশন সড়কের হামিদ ফ্যাশনের সামনে থেকে আব্দুল আজিজ ওরফে সৈকত (৩১ )কে গ্রেফতার করে। সে ফতুল্লার শাসনগাঁও এলাকার নূরুল ইসলামের পুত্র।

দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তার নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

সিলেট প্রতিনিধি জানান, সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেফতারকৃত জেএমবি সদস্য মাস্টার আব্দুল হাই ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে শনিবার দুপুরে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি এ স্বীকারোক্তি প্রদান করেন।

আব্দুল হাই জানান, হামলা চালানোর আগে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই নেতা দেলোয়ার ও মুরাদ সিলেট এসে তাকে এবং মহসীন খানকে বোমা হামলা চালানোর দিকনির্দেশনা দিয়ে যান। তবে তিনি জানান, এ দুই নেতার সাথে তার পূর্ব পরিচয় ছিল না।

অপর জেএমবি সদস্য মহসীন খান ৩০ সেপ্টেম্বর ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে সিলেটের আদালত চত্বর ও কালেক্টরেট ভবনে বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

আটক মহসীন খানের দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলার সেনগ্রাম মোহাম্মদিয়া সালাতিয়া মাদ্রাসা থেকে আব্দুল হাইকে আটক করা হয়।