২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ আল ইসলামী’র (হুজি) শীর্ষ নেতা মুফতি মোহাম্মদ আব্দুল হান্নানকে স্ত্রী ও চার সন্তানসহ গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বাড্ডা এলাকা থেকে শনিবার ভোরে র‌্যাব তাদের গ্রেপ্তার করেছে।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর ভাতিজা পরিচয়দানকারী হান্নানের সেকেন্ড ইন কমান্ড শাকিলকে পুলিশ খুঁজছে।

হান্নানকে গ্রেপ্তারের জন্যে বিগত সরকারের আমলে নয় হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

র‌্যাব সূত্র জানায়, শাকিলের কাছে প্রচুর পরিমাণ গ্রেনেড ও অস্ত্রশস্ত্র রয়েছে। শাকিলও একটি ইসলামী সংগঠনের প্রধান। তবে সংগঠনটির নাম জানায়নি র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)’র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সূত্র জানায়, মেজর এরশাদ ও মেজর আতিকের নেতৃত্বে র‌্যাবের একটি দল ভোর সাড়ে চারটায় মধ্যবাড্ডার এক বাড়িতে অভিযান চালিয়ে হান্নান ও তার সন্তানসম্ভবা স্ত্রীকে গ্রেপ্তার করে। এসময় হান্নানের দুই শিশুপুত্র এবং দুই শিশুকন্যাকেও র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়।

হুজি নেতা হান্নানের বিরুদ্ধে ২০০০ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু’বার হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।

২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালি পাড়ার শেখ লুৎফর রহমান আইডিয়াল কলেজ প্রাঙ্গণ থেকে পুলিশ ৭৬ কেজি ওজনের শক্তিশালী টাইম বোমা উদ্ধার করে।

বোমা উদ্ধার করার স্থান থেকে ৫০ ফুট দূরেই শেখ হাসিনার সভা মঞ্চ স্থাপনের কথা ছিল।

হুজি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুল হান্নান ওই ঘটনার প্রধান সন্দেহভাজন ছিল। গোপালগঞ্জের কাছে সোনার বাংলা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. নামে একটি সাবান ফ্যাক্টরিতে বোমা তৈরি করতো বলে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বোমা পুতে রাখার মামলায় ২০০৩ সালের ৩০ ডিসেম্বর একটি বিশেষ বিচার আদালত হান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ঢাকা দ্রুত বিচার আদালতের বিচারক জাহাঙ্গীর আলম আব্দুল হান্নান ওরফে আবুল কালামের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

ওই ঘটনার পর থেকেই মুফতি হান্নান পলাতক ছিল।

বোমা উদ্ধারের চারদিন পর পুলিশ গোপালগঞ্জের হেমাঙ্গনে মুফতি হান্নানের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম এবং একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর হুজি’র জঙ্গি তৎপরতা বৃদ্ধি পায়। ২০০০ সালে ১৬ জুলাই যশোরে সাংবাদিক শামসুর রহমান হত্যাসহ তারা বেশ কয়েকটি ঘটনার সাথে জড়িত।

ওই হত্যাকাণ্ডের পর পুলিশ হুজি’র ১০ কর্মীকে আটক করে এবং ঢাকার খিলগাঁওয়ের অফিস বন্ধ করে দেয়। সে সময় জিজ্ঞাসাবাদে হুজি ক্যাডাররা জানিয়েছিল, তারা জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, লেখিকা তসলিমা নাসরিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব প্রয়াত মাওলানা আব্দুল আওয়ালসহ দেশের ২৮ বিখ্যাত ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করেছিল।

ধারণা করা হচ্ছে, হুজি ক্যাডাররা ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সরকারের গত চার বছরের শাসনামলে শেখ হাসিনাকে কমপক্ষে ১১ বার হত্যার পরিকল্পনা করেছিল।

চলতি বছরের ২১ সেপ্টেম্বর গোপালগঞ্জ পুলিশ মুফতি হান্নানের গ্রামের বাড়ি কোটালী পাড়া থেকে তার ভাই হরকাতুল জিহাদ নেতা মুন্সি আনিসুজ্জামানকে গ্রেপ্তার করে। এর আগে আনিসকে ২০০০ সালে ৭৬ কেজি বোমা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।