সময় থাকতে সুযোগ কাজে লাগানো উচিত বলে হাসিনা সোনিয়ার মত প্রকাশ
সময় ফুরিয়ে যাওয়ার আগেই অর্থবহ আঞ্চলিক সহযোগিতার সুযোগগুলো কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন বিরোধী দলীয় নেতা, আওয়ামা লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
শনিবার নয়াদিল্লীতে উপমহাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের দুই নেতা প্রায় দেড়ঘন্টাব্যাপী আলোচনার পর এমন মত প্রকাশ করেন। তারা বলেন, আঞ্চলিক সহযোগিতা বিকাশের এখনো অনেক সুযোগ রয়েছে। কিন্তু এ সুযোগ চিরকাল থাকবে না।
ভারতের অন্যতম শীর্ষ প্রভাবশালী নেত্রী সোনিয়া গান্ধী এ সময় ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা তদন্তের অগ্রগতির খোঁজখবর নেন। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন।
সেনিয়া গান্ধীর ১০ জনপথ রোডের বাসায় সকাল সাড়ে এগারটায় থেকে দু নেতা বৈঠকে বসেন। তারা এ অঞ্চলের সার্বিক আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করলেও স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতার জন্যে এ অঞ্চলের সবগুলো দেশের সমানভাবে উন্নয়নের প্রয়োজন বলে মত প্রকাশ করেন।
দু নেতাই এ সময় দারিদ্র্যের বিপক্ষে নিজ নিজ দেশের সংগ্রাম এবং সফলতার কথা বলেন।
নিজ নিজ দেশের স্বাধীনতা সংগ্রাম এবং তাতে আওয়ামী লীগ ও কংগ্রেসের ভূমিকার কথা উল্লেখ করে দু’নেত্রী বলেন, দারিদ্র্য বিমোচনের মাধ্যমেই দু’দেশের স্বাধীনতাকে অর্থবহ করে তোলা যেতে পারে।
তারা আওয়ামী লীগ এবং কংগেসের মধ্যে রাজিৈনতক সম্পর্ক এবং নিয়মিত মত বিনিময়ের উপর জোর দেন এবং দু’দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও পারষ্পরিক সম্পর্ক রাখার কথা বলেন।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং এ বৈঠকে যোগ দেন এবং লাঞ্চের পরে তিনি শেখ হাসিনার সাথে পৃথক বৈঠক করেন।
নটবর সিংসের সাথে বৈঠকে এ অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার বিষয়গুলো উঠে এসেছে বলে জানা গেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বর্তমান জোট সরকার কোন ঘটনার স্বাক্ষ্য প্রমান এবং তদন্ত ছাড়াই মনগড়া বিবৃতি দিচ্ছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রনালয় দুপুরে শেখ হাসিনার সম্মানে একটি বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করে।
শেখ হাসিনার সাথে উভয় বেঠকেই কাজী জাফরুল্লাহ এমপি, সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ এমপি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন।
অন্যদিকে ভারতের পক্ষে পররাষ্ট্রসচিব শ্যাম শরণ, চীফ অফ প্রটোকল পিনাক চক্রবর্তী এবং বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা দিল্লী ত্যাগের আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং আইকে গুজরালের সাথেও সাক্ষাত করবেন।
এছাড়া তিনি রোববার কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথেও বৈঠক করবেন।
