২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কর্মীদের কাছে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চান গয়েশ্বর

সরকারবিরোধী আন্দোলনে কর্মীদের কাছ থেকে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 07:08 PM

Updated : 22 Jul 2022, 04:00 AM

বৃহস্পতিবার জাতীয় প্রেসসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যতই দাবি করা হোক, এ সরকার নিজে থেকে যাবে না। তাদের সেটা ‘করাতে হবে’।

“আপনারা বললেন, পদত্যাগ করেন। যতক্ষণ নিঃশ্বাস আছে- করবে না। পদত্যাগের পাসপোর্ট উঠাতে হবে। এই পাসপোর্টওয়ালা কাজটাই এখন আমাদের জরুরি।”

মানুষের ‘ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে’ মন্তব্য করে গয়েশ্বর বলেন, “আমাদের এই বক্তব্য বোধহয় কেউ আর শুনতে চায় না। সবাই কী দেখতে চায়? অ্যাকশন। যে অ্যাকশন করলে সব পর্যায়ের জনগণ পথে নামবে।

“সুতরাং সেই আগের কথায় ফিরে যান। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি আবারো আপনাদের বলছি, তাড়াও হাসিনা, বাঁচাও দেশ। টেক ব্যাক বাংলাদেশ। এজন্য প্রস্তুতি নিন।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তির প্রতিবাদে’ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, “প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটের দিন যদি কেউ তলোয়ার নিয়ে আসে, তাহলে পাল্টা রাইফেল নিয়ে নামবেন। আমরা যদি তলোয়ার আর রাইফেলই হাতে নিই, তাহলে আবার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করমু কেন? তার আগেই তো আপনাদেরকে বিদায় করতে পারি।

“একটি সাংবিধানিক পদে থেকে সস্ত্রাসকে উসকানি দেওয়া, জনগণকে আতঙ্ক দেওয়া, ভোটকেন্দ্র শূন্য রাখার একটি প্রয়াস মাত্র। এটা মনে করবেন না যে, না বুইঝা সে কথা বলেছেন, বুঝেই তিনি বলেছেন। আজকে আমাদের মূল দায়িত্বটা হল এই সরকারকে বিদায় করা। রাজপথেই আমাদেরকে এর ফয়সালা করতে হবে। তাহলেই এসব পাগলামি দূর হবে।”

গয়েশ্বর বলেন, “অনেক উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে সর্বপ্রথম বললেন যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন। এখন বাংলাদেশটা আজিমপুর ধাক্কা খাইছে। সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে আজিমপুর বানিয়ে ফেলেছে।”

বিদ্যুতের লোডশেডিং ফিরে আসার প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা বলেন, “বিদ্যুত দেবে, বলেছে ২৬ হাজার মেগাওয়াট; আমাদের প্রয়োজন ১১ হাজার মেগাওয়াট। এখন বলছে তাও পাওয়া যাচ্ছে না। কুইক রেন্টালের নামে লক্ষ লক্ষ কোটি টাকা যে লুটপাট করেছে, এই টাকা বিদেশে পাচার হয়েছে।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এসএম জিলানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উত্তরের গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের সঞ্চালনায় এ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর বিএনপির ইশরাক হোসেন, যুব দলের শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, গোলাম সারোয়ার, শাহাবুদ্দিন মুন্না, ইয়াসীন আলী, ফখরুল ইসলাম রবিন বক্তব্য দেন।