২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১০ লাখ মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছে বিএনপি: টুকু

সারা দেশের মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বন্যা দুর্গত সাড়ে ১০ লাখ মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 09:23 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

শুক্রবার বিকালে গুলশান কার্যালয়ে বিভিন্ন জেলা থেকে দলের ত্রাণ তহবিলে অর্থ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট-সুনামগঞ্জসহ বন্যা কবলিত এলাকায় এখন পর্যন্ত সাড়ে ১০ লক্ষ বানভাসি পরিবারকে আমরা রিলিফ দিয়েছি।

“এই রিলিফ দেওয়া অব্যাহত রয়েছে। এই রিলিফ আমরা সংগ্রহ করেছি প্রত্যেকটা জেলা ও ইউনিটের নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে। অনেক সাধারণ মানুষও আমাদেরকে টাকা দিয়েছে।

“জনগণের কাছ থেকে টাকা নিয়ে আমরা বন্যার্তদের কাছে পৌঁছে দিয়েছি। এই দুযোর্গে বিএনপি প্রমাণ করেছে বিএনপির নেতা-কর্মীরা জনগণের পাশে আছে এবং জনগণের পাশে থাকবে।”

নেতা-কর্মীরা দলের জন্য কাজ করছেন জানিয়ে সরকারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “এতো নিপীড়নের মধ্যেও তৃণমূলে আমাদের সংগঠন আছে,বিএনপি বেঁচে আছে,কর্মীরা মামলা-মোকাদ্দমা মাথায় নিয়ে কাজ করছে।”

‘‘আর সরকারি দলের কোনো সংগঠন নাই। তাদের আছে পুলিশ, কিছু আমলা, কিছু ডিসি, কিছু ওসি আর কিছু হাতুড়ি বাহিনী আছে। তাও আর কি, ওসির জোরে সে হল বাহিনী।”

জেলা ও মহানগরের পক্ষে যথাক্রমে ঢাকা মহানগর উত্তরের আমিনুল হক, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামাল, ঢাকা জেলার দেওয়ান মো. সালাহউদ্দিন, খন্দকার আবু আশফাক, গাজীপুর মহানগরে সালাহউদ্দিন সরকার, সোহরাব উদ্দিন, নারায়গঞ্জ জেলার মইনুল ইসলাম রবি, মামুন মাহমুদ, মহানগরের সাখাওয়াত হোসেন, আওলাদ হোসেন এবং ঢাকা জেলা যুব দলের রেজাউল কবির পল, প্রয়াত মন্ত্রী আবদুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান দলের ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন।

সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বক্তব্য রাখেন।