তদারকির অভাবেই সীতাকুণ্ডে বিস্ফোরণ: ফখরুল
সরকারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দেখভালের অভাবেই সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “কনটেইনার ডিপো যেটা তৈরি করা হয়েছে, তার কিছু রুলস-রেগুলেশন আছে; সরকারের কন্ট্রোলিং অথোরিটি আছে, যারা এসব নিয়ন্ত্রণ করবে। দুর্ভাগ্যজনকভাবে এগুলো কেউ মনিটরিং করে না। যাদের দায়িত্ব আছে সমন্বয় করা, ঠিক মতো পালিত হচ্ছে কি না- সেগুলো করে না। যে কারণেই এসব দুর্ঘটনা ঘটছে।”
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “এই সরকারের কোনো জবাবদিহি করতে হয় না, পার্লামেন্টে তাদের জবাব দিতে হয় না। যেকারণে বল্গাহীনভাবে যা ইচ্ছা করে চলেছে এবং তাদের সাথে যারা আছে, মদদপুষ্ট যারা আছে, যাদেরকে দায়িত্ব দিয়েছে; তারাও কিন্তু সরকারের কাছে কোনো জবাব দেয় না। এটাই মূল কথাটা।
“রাষ্ট্র কাজ করছে না, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে না। আমি এটা প্রায়ই বলি- এটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। বিকজ দ্য স্টেট ইজ নট ফাংশানিং দ্য মিশিনারি ইজ নট ফাংশানিং এবং কেউ কারও কাছে জবাবদিহি নাই তো, যা যা কিছু করে চলেছে। তাই আজকে এই অবস্থা তৈরি হয়েছে।”
এখন ‘জবাবদিহিমূলক সরকার’ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
গত ৬ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণের ঘটনা, গ্যাসের মূল্য বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত ২০২১ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সভায় অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে সীতাকুণ্ডে দুর্ঘটনার মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা এবং আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরনের দাবি জানানো হয় বলে জানান বিএনপি মহাসচিব।
বিস্ফোরণে নিহতের পরিবার ও অগ্নিদগ্ধ আহতের পাশে দাঁড়ানোর জন্য দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ফখরুল।
‘সরকার দুঃস্বপ্ন দেখছে’
বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ সরকার প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছে। দুঃস্বপ্ন দেখছে যে, প্রতি মুহূর্তে তাদের ক্ষমতা চলে যাচ্ছে, জনগণ তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সেজন্য তারা নানা মিথ্যাচার করছে।”
বিএনপির প্রতিষ্ঠাতাকে নিয়ে মিথ্যাচার চলছে অভিযোগ করে তিনি বলেন, “বাংলাদেশে সাবেক প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সায়েমের লেখা একটি বইকে উদ্ধৃত করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে উদ্দেশ্যে প্রণোদিততভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়িয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র এবং তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। কিন্তু বাস্তব সত্য হলো যে, প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সায়েম ‘অ্যাট বঙ্গভবন: লাস্ট ফেজ’ নামে ইংরেজীতে লেখা বইটির কোথাও ‘অস্ত্রের মুখে জিয়া রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পদত্যাগে বাধ্য করেছিলেন’ এমন কথা উল্লেখ নেই।
“আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম এএফপি বিষয়টির ফ্যাক্ট চেক করে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তথ্যপ্রমাণসহ উঠে এসেছে যে, শহীদ জিয়াকে নিয়ে খবর প্রকাশের বিষয়টি ছিলো উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার আর ইতিহাস বিকৃতির প্রচেষ্টা।”
অধিকারের নিবন্ধন বাতিলের নিন্দা
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকার সংগঠন বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘অধিকার’র নিবন্ধন প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক বাতিল করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্থায়ী কমিটির সভায় বিষয়টি আলোচনা হয়েছে।
“সভা মনে করে সরকারের এই পদক্ষেপ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠা গুলোর উদ্যোগকে ব্যাহত করবে।সরকারের মানবাধিকারের লঙ্ঘনের প্রবণতাও বৃদ্ধি পাবে। গুম, বেআইনিভাবে আটক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নারী ও শিশু নির্যাতন এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকর লংঘনের ঘটনা আরও বৃদ্ধি পাবে।”
অবিলম্বে অধিকারের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব।
